এস এম আবু জাফর
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, প্রবাসীদের বিশ্বস্ততার সঙ্গী

৫ বছর ধরে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে শীর্ষ সপ্তম অবস্থানে রয়েছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক। মধ্যপ্রাচ্যসহ ইউরোপে ব্যাংকটির আলাদা ইমেজ রয়েছে প্রবাসী বাংলাদেশীদের কাছে। দৈনিক বাণিজ্য প্রতিদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এস এম আবু জাফর।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কি কি পরিকল্পনা আছে? কি কি প্রোডাক্ট আছে? প্রবাসীদের জন্য আগামী দিনে কি কি প্রোডাক্ট আনার পরিকল্পনা করা হয়েছে। রেমিট্যান্স আহরণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভালো অবস্থানের কারণ কি?
এস এম আবু জাফর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গত ৩০ বছর ধরে প্রবাসী গ্রাহকদের বিশ্বস্ততার সাথে শরিয়াহ্-সম্মত সেবা প্রদান করে আসছে। সরকারি প্রণোদনার পাশাপাশি আমরা আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক রেট প্রদান করছি। বর্তমানে আমাদের রয়েছে ৩৭টিরও বেশি বিদেশি এক্সচেঞ্জ পার্টনারের একটি বিস্তৃত নেটওয়ার্ক এবং দেশের অভ্যন্তরে ১,০০০টিরও বেশি শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে সর্বত্র সেবা পৌঁছে দিচ্ছি। এ কারণেই ব্যাংকটি বিগত ৫ বছর ধরে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে শীর্ষ ৭-এ অবস্থান করছে। বর্তমানে প্রবাসীদের জন্য ডেডিকেটেড রেমিট্যান্স ডেস্কের মাধ্যমে দ্রুততম সেবা প্রদান করা হয়। ভবিষ্যতে প্রবাসীদের জন্য বিশেষ রেটে মেয়াদী ও কিস্তিভিত্তিক আমানত প্রকল্প, বিদেশে বসেই অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার ডিজিটাল সুবিধা এবং স্বাস্থ্য ও সম্পদ সুরক্ষায় ইসলামিক ইনসুরেন্স (তাকাফুল) চালুর পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসে যেতে চায় এমন উচ্চ শিক্ষার শিক্ষার্থী ছাত্র বা শ্রমিকদের জন্য কি করার পরিকল্পনা আছে?
এস এম আবু জাফর: উচ্চশিক্ষার্থী ও শ্রমিকদের জন্য ভিসা, এয়ার টিকিট ও টিউশন ফি প্রদানে সহায়তার লক্ষ্যে ইসলামিক পদ্ধতিতে স্টুডেন্ট মাইগ্রেশন বিনিয়োগ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ছাড়া লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে কর্মী অভিবাসন প্রক্রিয়াতেও সহযোগিতা করা হয়।
বাণিজ্য প্রতিদিন: প্রবাস ফেরতদের জন্য আপনারা কি করছেন? কোন কোন সেবা দিচ্ছেন?
এস এম আবু জাফর: প্রবাস ফেরতদের পুনর্বাসন ও আর্থিকভাবে সক্ষম করে তুলতে আমরা ব্যবসা ও আবাসন খাতে সুদমুক্ত ফাইন্যান্সিং সুবিধা হিসেবে মুরাবাহা ও মুশারাকা ভিত্তিক “রিটার্নি প্রবাসী বিনিয়োগ” প্রদান করছি। ভবিষ্যতে এসএমই বিনিয়োগ সহায়তা, ডিজিটাল প্রবাসী ইনভেস্টমেন্ট পোর্টালের মাধ্যমে এসএমই ও স্টার্টআপে বিনিয়োগের সুযোগ এবং কৃষিখাতে রেমিট্যান্স বিনিয়োগ উৎসাহিত করতে প্রবাসী এগ্রো ফাইন্যান্স স্কিম চালুর পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য প্রতিদিন: রেমিট্যান্স বাড়ানোর জন্য কি পদক্ষেপ আছে? হুন্ডি মোকাবেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের করণীয় কি?
এস এম আবু জাফর: রেমিট্যান্স পাঠানোকে আরও সহজ ও নিরাপদ করতে ২৪/৭ ডিজিটাল সেবার মাধ্যমে তাৎক্ষণিক অর্থ প্রেরণ নিশ্চিত করা হয়েছে। প্রবাসী অ্যাসোসিয়েশনের সাথে নিবিড় সহযোগিতার মাধ্যমে কমিউনিটি এনগেজমেন্ট জোরদার করা হচ্ছে। হুন্ডি মোকাবেলায় ঝুঁকি ও ক্ষতির বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশনা অনুযায়ী সকল লেনদেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং ঝুঁকিপূর্ণ লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাণিজ্য প্রতিদিন: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোন শাখায় বেশি রেমিট্যান্স আসে?
এস এম আবু জাফর: ব্যাংকের সিলেট, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের শাখাগুলো থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে। কারণ, এই অঞ্চলগুলো থেকে বিপুল সংখ্যক জনশক্তি বিদেশে কর্মরত। পাশাপাশি এসব অঞ্চলে আমাদের শক্তিশালী এজেন্ট নেটওয়ার্ক রয়েছে, যা রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে?
এস এম আবু জাফর: আমাদের ২০৩০ ভিশনের অন্যতম লক্ষ্য হলো রেমিট্যান্স আহরণে দেশের শীর্ষ ১০ (দশ) ব্যাংকের মধ্যে অবস্থান ধরে রাখা এবং প্রতিবছর নূন্যতম ২০% হারে রেমিট্যান্স বাড়ানো।এছাড়াও ডিজিটাল রেমিট্যান্স খাতকে আরও শক্তিশালী করতে ব্লকচেইন-ভিত্তিক ট্রান্সফার সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে, যা রেমিট্যান্স প্রেরণের খরচ হ্রাস করবে এবং প্রবাসীদের জন্য আরও সাশ্রয়ী ও কার্যকর সেবা নিশ্চিত করবে।
বাণিজ্য প্রতিদিন: এ বছর কত রেমিট্যান্স আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক?
এস এম আবু জাফর: ২০২৫ সালের মধ্যে আমরা বার্ষিক ১৩,০০০ কোটি টাকা রেমিট্যান্স আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।
বাণিজ্য প্রতিদিন: ব্যবসায়ী, উচ্চ শিক্ষার শিক্ষার্থী ও শ্রমিকগণ কোন একাউন্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবে এবং এর সেবাগুলোর সুবিধা কি?
এসএম আবু জাফর: বিদেশে অবস্থানরত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক লেনদেন পরিচালনার জন্য প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব খুলতে পারবেন। তবে ব্যক্তিগত প্রয়োজনে রেমিট্যান্স লেনদেন কেবল ব্যক্তিগত হিসাবের মাধ্যমেই করতে হবে। শিক্ষার্থী ও শ্রমিকদের ক্ষেত্রে তাদের সকল রেমিট্যান্স লেনদেন অবশ্যই ব্যক্তিগত হিসাবে সম্পাদন করতে হবে।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের উৎসাহীকরণে প্রণোদনাসহ কি কি করণীয় আছে?
এস এম আবু জাফর: প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে আরও বেশি উৎসাহিত করতে বর্তমান ২.৫% হারের সরকারি প্রণোদনা বাড়িয়ে ৪% করা জরুরি। এছাড়াও শীর্ষ রেমিটারদের জন্য বিশেষ পুরস্কার যেমন উমরা প্যাকেজ প্রদান, নিয়মিত প্রমোশনাল ক্যাম্পেইন ও অ্যাওয়ার্ড সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য প্রতিদিন: বিদেশে কতটি শাখা ও রেমিট্যান্স এক্সচেঞ্জ শাখা আছে?
এস এম আবু জাফর: বর্তমানে আমাদের ব্যাংকের বিদেশে নিজস্ব কোনো শাখা বা এক্সচেঞ্জ হাউজ নেই। তবে ভবিষ্যতে সেগুলো স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন রেমিট্যান্স হাবে আমাদের ৩৭টি বিশ্বস্ত এক্সচেঞ্জ হাউস পার্টনার রয়েছে, যাদের মাধ্যমে আমরা ১০০টিরও বেশি দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করি।
বাণিজ্য প্রতিদিন: নারী প্রবাসীদের জন্য বাড়তি সেবা আছে কি?
এস এম আবু জাফর: নারী প্রবাসীদের জন্য আমরা বিশেষ অগ্রাধিকারভিত্তিক রেমিট্যান্স সেবা প্রদান করি, যাতে তাদের লেনদেন দ্রুততম সময়ে সম্পন্ন হয়। ভবিষ্যতে প্রবাস ফেরত নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে বিশেষ সুবিধাসম্পন্ন নারী উদ্যোক্তা ঋণ স্কিম চালুর পরিকল্পনাও রয়েছে।
বিএইচ
- ১হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৪বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৫‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৬কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৭জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৮নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত