জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫ ৭:০৩ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় জামায়াতের কার্যালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্লাহ মিয়া হাট বাজারে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় ইসলামী ছাত্র শিবিরের তিন-চারজন নেতাকর্মীকে মারধর করা হয়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মসজিদে জামায়াতের সাথে যে সকল শিক্ষার্থী ১০ দিন একটানা নামাজ আদায় করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলায় পুরস্কার বিতরণের দিন নির্ধারণ করা হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকে আবদুল্লাহ মিয়া হাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা আবদুর রহিমের নেতৃত্বে ৮/১০ জন এসে অনুষ্ঠানে হামলা চালায়।

ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা দক্ষিণ সেক্রেটারি আরাফাত হোসেন অভিযোগ করে বলেন, সাধারণ ছাত্রদের নিয়ে দশদিনব্যাপী জামায়াতভিত্তিক নামাজ আদায় প্রতিযোগিতার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে আবদুল্লাহ মিয়া হাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শেষের দিকে বিএনপির একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। তারা চেয়ার ভাঙচুর করে।

আরাফাত হোসেনের অভিযোগ, হামলায় জেলার সাবেক ও বর্তমান অফিস সম্পাদক, সাহিত্য সম্পাদকসহ চারজন হামলার শিকার হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

তবে জামায়াতের কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তি চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তাঁর ছেলেকে মাদ্রাসায় না পেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে জামায়াত কার্যালয়ে দেখেন। তখন তিনি এত কম বয়সী শিক্ষার্থীকে কেন অনুষ্ঠানে আনা হয়েছে—সেটি জানতে চান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হামলা কিংবা ভাঙচুরের অভিযোগ ঠিক নয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, জামায়াতের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে আবদুল্লাহ মিয়া হাটে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ...

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব ...