অধরা মিশন হেক্সার স্বপ্ন
মুকুটহীন রাজপুত্র নেইমারের অশ্রুসিক্ত বিদায়

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ডাগআউটের বিষণ্নতা ছাপিয়ে ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক মহাকাব্যের নির্মম সমাপ্তি। নরওয়ের বিপক্ষে রাউন্ড ১৬-এর ম্যাচে যখন শেষ বাঁশি বাজল, স্কোরবোর্ড জানাচ্ছিল ব্রাজিল ২-১ গোলে পরাজিত। কিন্তু সেই পরাজয়ের চেয়েও বড় এক শূন্যতা গ্রাস করল ফুটবল ভক্তদের। ব্রাজিলের হয়ে দেশের জার্সিতে আর কখনোই দেখা যাবে না সেই চেনা ১০ নম্বর জার্সি পরিহিত জাদুকরকে—যিনি সান্তোসের গলি থেকে উঠে এসে কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেছিলেন। তিনি নেইমার জুনিয়র। এক অভাগা কিংবদন্তি, এক মুকুটহীন রাজপুত্র।
ম্যাচের তখন ৬৭ মিনিট। চোটের কারণে শতভাগ ফিট না থাকা সত্ত্বেও দলের প্রয়োজনে বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার জুনিয়র। পায়ে সেই চেনা ছন্দ হয়তো ছিল না, কিন্তু চোখে ছিল শেষবারের মতো সেলেসাওদের বাঁচানোর আকুলতা। যোগ করা সময়ে যখন পেনাল্টি পেল ব্রাজিল, বল হাতে এগিয়ে গেলেন তিনি। স্নায়ুচাপকে জয় করে জালে বল জড়ালেন—ব্রাজিলের জার্সিতে তাঁর ৮০তম আন্তর্জাতিক গোল। কিন্তু এই গোলটি আর কোনো বুনো উদযাপনের উপলক্ষ এনে দেয়নি সেলেসাওদের, বরং তা হয়ে রইল আন্তর্জাতিক ফুটবলে এক ট্র্যাজিক নায়কের শেষ দীর্ঘশ্বাস।
নেইমারের আগমন: সেলেসাওদের ‘মিশন হেক্সা’র আশা
২০১০ সালের ১০ আগস্ট, যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জার্সির মাঠে যখন ১৮ বছর বয়সী এক পাতলা গড়নের তরুণ ব্রাজিলের হলুদ জার্সি গায়ে প্রথমবার মাঠে নামলেন, তখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি সেলেসাও ভক্তদের মনে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়েছিল। ২০০২ সালের পর থেকে ব্রাজিল যখন তার চিরচেনা ‘জোগো বোনিতো’ বা সুন্দর ফুটবলের ছন্দ হারিয়ে ইউরোপীয় ঘরানার যান্ত্রিক ফুটবলের দিকে ঝুঁকছিল, ঠিক তখনই ব্রাজিলের জার্সি গায়ে হাজির হন নেইমার জুনিয়র। ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন—পেলে বা রোনালদো নাজারিওর মতো এই ছেলেই একক দক্ষতায় এনে দেবে বহুল প্রতীক্ষিত সেই ‘মিশন হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ)। কিন্তু একার কাঁধে এক ক্ষয়িষ্ণু ব্রাজিল দলকে এক দশকেরও বেশি সময় টেনে নিয়ে যাওয়ার চড়া মূল্য দিতে হলো তাকে।
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ ও ইনজুরির থাবা
নেইমারের ক্যারিয়ার মানেই যেন এক চরম ট্র্যাজেডি আর ইনজুরির সাথে লড়াইয়ের ইতিহাস। মোট ৪টি বিশ্বকাপে (২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নিয়ে ১৫টি ম্যাচে তিনি ৯টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। কিন্তু প্রতিটি বিশ্বকাপেই নিয়তি তাঁর সাথে নিষ্ঠুর খেলা খেলেছে। ২০১৪ সালের ৫ জুলাই, নিজের দেশের মাটিতে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার সেই মারাত্মক ফাউলটি কে ভুলতে পারে? পিঠে হাঁটুর আঘাতে মেরুদণ্ডের হাড় ভেঙে যখন নেইমার স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, সেদিনই মারাকানায় কোটি কোটি ব্রাজিল ভক্তের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দাফন হয়েছিলো। ২০২৬ বিশ্বকাপের আগেও তিনি ইনজুরিতে ভুগছিলেন। ইনজুরির আঘাত এতটাই নির্মম ছিল যে প্রায় তিন বছর (৯৮১ দিন) তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। দীর্ঘ লড়াই শেষে ২০২৬ বিশ্বকাপে ফিরলেও ভাগ্য তাঁর সহায় ছিল না। নড়বড়ে একটা টিম নিয়ে ব্রাজিল এবারের বিশ্বকাপে হাজির হয়েছিলো। যেখানে ব্রাজিলের খেলায় নেই চিরচেনা সেই ছন্দের জাদু। ইনজুরির কারণে সম্পূর্ণ ফিট না হলেও দেশের টানে মাঠে নেমেছিলেন বিশ্বকাপের মঞ্চে, কিন্তু শেষ রক্ষা হলো না। ঠিক ১২ বছর ১ দিন পর, সেই জুলাই মাসেই আরেকটি স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন এই মহানায়ক। নেইমারের কান্না যেন কোটি কোটি সেলেসাওদের বুকে তীরের মতো বিঁধেছে।
নেইমার কি ভুল সময়ে জন্ম নিলেন?
বেশিরভাগ ফুটবল বিশ্লেষক ও সেলেসাও ভক্তদের দাবি ভুল সময়ে এই অভাগা রাজপুত্রের জন্ম হয়েছে। তিনি যদি ১৯৯৪, ১৯৯৮ কিংবা ২০০২ সালের সেই সোনালী প্রজন্মের ব্রাজিলে খেলতেন, তবে পাশে পেতেন রবার্তো কার্লোস, রিভালদো, রোনালদো নাজারিও কিংবা রোনালদিনহো, রোমারিও, বেবেতো, দুঙ্গা, কাফুর মতো বিশ্বমানের তারকাদের। যেখানে রক্ষণ থেকে আক্রমণ—সব ছিল নিখুঁত। সেই সময়ে জন্মালে হয়তো তাঁর নামের পাশে থাকত অন্তত দুটি বিশ্বকাপ। হয়তো ইতিহাসের সেরা খেলোয়াড়ের বিতর্কে পেলে, ম্যারাডোনা আর মেসির নামের পাশে আজ সমান মর্যাদায় উচ্চারিত হতো নেইমার জুনিয়রের নাম।
ভক্তরা কি নেইমারকে ভুলে যাবে?
নেইমারের বিদায়ের পর সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে এক কান্নার রোল। কোটি কোটি সেলেসাও ভক্ত আজ ডুকরে ডুকরে কাঁদছেন। অনেক ভক্ত আবেগঘন কণ্ঠে লিখেছেন—”ব্রাজিলের খেলা হয়তো এরপরও দেখা হবে, কিন্তু নেইমারের খেলা দেখার জন্য বুক ভরা যে রোমাঞ্চ আর আগ্রহ নিয়ে আমরা রাত জেগে বসতাম, সেই আগ্রহ নিয়ে হয়তো আর কখনোই ব্রাজিলের ম্যাচ দেখা হবে না।” ব্রাজিলের ‘মিশন হেক্সা’ পূরণ হতে হয়তো আরও কয়েক যুগ লেগে যাবে, কিন্তু নেইমার জুনিয়রকে সেলেসাও ভক্তরা কোনোদিনও ভুলবে না। পরিসংখ্যান বলবে, দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০টি ম্যাচে মাঠে নেমে পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ ৮০টি গোল এবং রেকর্ড ৫৮টি অ্যাসিস্ট নিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানলেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৭৮৪ ম্যাচে ৪৫৮টি গোল এবং ২৬৩টি অ্যাসিস্ট তাঁর অবিশ্বাস্য প্রতিভার প্রমাণ দেয়। কিন্তু এই পরিসংখ্যানের চেয়েও বড় সত্য হলো—তিনি ল্যাটিন আমেরিকান ‘জোগো বোনিতো’ বা সুন্দর ফুটবলের নিখুঁত প্রতিচ্ছবি ছিলেন। তার দৃষ্টিনন্দন ড্রিবলিং, অসাধারণ স্কিল এবং মাঠে আনন্দের সাথে ফুটবল খেলার ধরন বিশ্বজুড়ে মানুষকে প্রচণ্ড মুগ্ধ করেছিল।
বিদায় হে মহাতারকা
১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ব্রাজিলের মোজি দাস ক্রুজিস শহরে জন্ম নেওয়া এই ফুটবল বিস্ময় বড় হয়েছেন সাও ভিনসেন্ট ও সান্তোসের ধুলোবালি মাখা রাস্তায় ফুটবল খেলে। ২০১০ সালের ১০ আগস্ট ব্রাজিলের হলুদ জার্সিতে তাঁর যাত্রা শুরু হয়েছিল যে আশার আলো জ্বেলে, ২০২৬ সালের ৬ জুলাই তা শেষ হলো এক অতৃপ্তির দীর্ঘশ্বাসে। বিশ্বকাপের সোনালী ট্রফিটা হয়তো নেইমারের ছোঁয়া পায়নি, কিন্তু ফুটবল ভক্তদের হৃদয়ের ট্রফি ক্যাবিনেটে তিনি চিরকালের জন্য জায়গা করে নিয়েছেন। ভক্তদের সমস্বরে আজ একটাই আওয়াজ—”বিদায় হে মহাতারকা। তুমি বিশ্বকাপ না জিতলেও, আমরা তোমাকে আজীবন ভালোবেসে যাব। কারণ তুমি আমাদের এক রূপকথার মতো সুন্দর স্বপ্ন দেখতে শিখিয়েছিলে।”
এএ
- ১পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ২কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৩জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৫মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৬পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৭সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১০নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন





পাঠকের মতামত