জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ৪:৩৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপচালক রেজওয়ান হোসেন (৩৫) ও দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০)। রেজওয়ান নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা এবং সাদ্দাম বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার জানান, ভোরে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

দুর্ঘটনার পর সময়মতো হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে না আসার অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, একাধিকবার পুলিশকে খবর দেওয়া হলেও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। আহত পিকআপচালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলে তাকে বাঁচানো সম্ভব হতো বলে অভিযোগ করেন তারা।

এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নিহতদের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করেন। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় তিন ঘণ্টা পর সলঙ্গা থানা পুলিশের অনুরোধে স্থানীয়রা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কয়রা প্রেসক্লাব সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলমের কয়রা প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় ...