জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৫:৫৮ পিএম

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে নিতে নাদিয়া সুলতানা মুন্নী নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নাদিয়া সুলতানা মুন্নী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব কালাই সরদারের চর এলাকার হান্নান মিয়ার মেয়ে নাদিয়া সুলতানা মুন্নীর সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম, মান্নান বেপারীসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নাদিয়ার স্বামী আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন।

ভুক্তভোগীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত ৯ জানুয়ারি রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে নাদিয়ার বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় বাধা দিতে গেলে নাদিয়াসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়।

ঘটনার পর নাদিয়া কালকিনি থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন নাদিয়া। মামলায় রফিকুল ইসলামসহ আটজনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১ মার্চ কালকিনি থানায় মামলাটি রেকর্ড করে পুলিশ।

মামলার তদন্ত শেষে গত ২৯ এপ্রিল কালকিনি থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আবু তালেব মুন্সী রফিকুল ইসলাম, মান্নান বেপারী, আলী বেপারীসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তবে মামলায় সঠিক ধারায় অভিযোগপত্র দেওয়া হয়নি—এমন অভিযোগ তুলে আদালতে নারাজি আবেদন করেন নাদিয়া। তার দাবি, নারাজি দেওয়ার পর থেকেই আসামিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন এবং হত্যার হুমকি দেন। পরে আদালত তার নারাজি গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে নাদিয়া সুলতানা মুন্নী বলেন, ‘আমার স্বামী প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে থাকেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আমার ভাসুর মান্নান বেপারীর সঙ্গে বিরোধ রয়েছে। ২০২২ সালে আমি নতুন করে ১৬ শতাংশ জমি কিনলেও সেই জমি আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। পরে আদালতে মামলা করি। মামলার রায় আমাদের পক্ষে আসার পর গত ৯ জানুয়ারি মান্নান বেপারী ও রফিকুল ইসলামসহ কয়েকজন আমার জমি দখল করতে আসেন। বাধা দিলে তারা আমাদের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।’

তিনি আরও বলেন, ‘মামলা করার পর থেকেই রফিক ও মান্নান বেপারী আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। পরে পুলিশ মামলার ধারা পরিবর্তন করে অভিযোগপত্র দিলে আমি আদালতে নারাজি জানাই। আদালত নারাজি গ্রহণ করে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি বর্তমানে অন্তঃসত্ত্বা। আমি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে হত্যার হুমকির অভিযোগের বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘বাদীকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তিনি যদি তার নিরাপত্তার বিষয়টি থানায় জানান, তাহলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী নাদিয়া সুলতানা মুন্নী এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...