বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৬ ১০:২৮ এএম , আপডেট: মে ৩, ২০২৬ ৬:২৯ পিএম

দেশের উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি গতিশীল করতে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (বিবি-এলটিএফএফ) এর আওতায় ঋণের সুদের হার কমানোর পাশাপাশি ঋণের সর্বোচ্চ সীমাও পুনঃনির্ধারণ করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

পিএফআই পর্যায়ে সুদের নতুন হার

নতুন নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ‘ক্যামেলস’ রেটিং অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে এই তহবিল থেকে অর্থ পাবে। রেটিং ১ (এক) প্রাপ্ত ব্যাংকসমূহ ৫ বছর মেয়াদে ১ শতাংশ, ৭ বছর মেয়াদে ১.২৫ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ১.৫০ শতাংশ সুদে তহবিল পাবে।

রেটিং ২ (দুই) প্রাপ্ত ব্যাংকের ক্ষেত্রে ৫ বছর মেয়াদে ১.২৫ শতাংশ, ৭ বছর মেয়াদে ১.৫০ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ১.৭৫ শতাংশ সুদে তহবিল পাবে। রেটিং ৩ (তিন) প্রাপ্ত ব্যাংকসমূহ ৫ বছর মেয়াদে ১.৫০ শতাংশ সদহার, ৭ বছর মেয়াদে ১.৭৫ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ২ শতাংশ সুদহারে তহবিল পাবে।

গ্রাহক পর্যায়ে ঋণের খরচ কত?

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল সংগ্রহের ব্যয় ও পরিচালন খরচ বিবেচনা করে গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করবে। তবে এটি কোনোভাবেই কস্ট অফ ফান্ড বা তহবিল ব্যয়ের চেয়ে ২ শতাংশ থেকে ৩ শতাংশের বেশি হতে পারবে না। এর ফলে শিল্পোদ্যোক্তারা আগের চেয়ে সাশ্রয়ী সুদে দীর্ঘমেয়াদী ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

ঋণের সীমা ও সংগ্রহের নিয়ম

সার্কুলারে জানানো হয়েছে, এখন থেকে একজন একক ঋণগ্রহীতা একটি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ মিলিয়ন (এক কোটি ডলার) মার্কিন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে সিন্ডিকেটেড অর্থায়নের (দুই বা ততোধিক ব্যাংকের মাধ্যমে) ক্ষেত্রে এই ঋণের সীমা হবে সর্বোচ্চ ২০ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাজারের বর্তমান চাহিদা এবং আর্থিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এই তহবিলকে আরও আকর্ষণীয় করতেই নীতিমালায় এই সংশোধন আনা হয়েছে। আজ ১ মে থেকে এই নতুন হার ও নীতিমালা কার্যকর হবে। বিবি-এলটিএফএফ এর আওতায় বিদ্যমান এবং নতুন উভয় ধরনের ঋণের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা

রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রার অর্থায়ন আরও সুশৃঙ্খল করতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) ...

ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা ...