পাঁচটি ব্যাংক একীভূতকরণ

প্রশাসক হিসেবে আলোচনায় যাদের নাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:৫৫ পিএম

অনিয়ম, অব্যবস্থাপনা, ঋণ জালিয়াতি ও দুর্নীতির কারণে চরম তারল্য সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক। তবে আইনী মতামত শেষে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী মাসের শুরুতে। ব্যাংকিং খাতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, এখন পর্যন্ত প্রশাসক হিসেবে আলোচনায় যারা আছেন তাদের মধ্যে এক্সিম ব্যাংকের প্রশাসক হচ্ছেন নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হচ্ছে নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক হচ্ছেন নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন। ইউনিয়ন ব্যাংকে বসানো হচ্ছে সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে। আর গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হচ্ছেন টাকশালের পরিচালক মো. মোকসুদুজ্জামান। তবে সূত্রটি জানিয়েছে, এই তালিকার পরিবর্তনও হতে পারে।

জানা গেছে, প্রশাসকদের সহযোগিতার জন্য প্রতিটি ব্যাংকে আরও একজন অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক ও একজন উপ-পরিচালককে যুক্ত করা হবে। ফলে প্রতিটি ব্যাংকে প্রশাসক টিম গঠন করে কার্যক্রম শুরু হবে।

কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগে কোনো আইনি জটিলতা এড়াতে চাইছে। এজন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে। প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার আগে প্রয়োজনীয় বৈঠক শেষ করা হবে। বাংলাদেশ ব্যাংক আশঙ্কা করছে, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক এ প্রক্রিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করতে পারে। তাই শুরু থেকেই আইনি সহায়তা নিশ্চিত করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের মতামত নেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “একীভূতকরণের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর নতুন ব্যাংক গঠন করে পরিচালনা পর্ষদ ও এমডি নিয়োগ দেওয়া হবে। তবে প্রশাসক নিয়োগের আগে আইনী সব ধরণের জটিলতা নিরসনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে নিবে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রশাসক নিয়োগে গভর্নর দেশে আশার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও জানান তিনি।”

গত আওয়ামী লীগ সরকারের সময়ে ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ও নজরুল ইসলাম মজুমদারের মতো প্রভাবশালীদের হাতে ব্যাংকগুলো ব্যাপকভাবে অনিয়ম–দুর্নীতির শিকার হয়। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়, যার বড় অংশ বিদেশে পাচার হয়েছে। ফলে ব্যাংকগুলো খেলাপি ঋণের ফাঁদে পড়ে।

বর্তমানে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের মোট আমানত রয়েছে প্রায় এক লাখ ৪৬ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ৭৮৬ কোটি টাকা। এর মধ্যে ৭৬ শতাংশ ঋণই খেলাপি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে ইউনিয়ন ব্যাংক, যেখানে খেলাপি ঋণের হার ৯৮ শতাংশ। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামীতে ৯৭ শতাংশ, গ্লোবাল ইসলামীতে ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামীতে ৬২ দশমিক ৩০ শতাংশ এবং এক্সিম ব্যাংকে ৪৮ দশমিক ২০ শতাংশ ঋণ খেলাপি হয়ে গেছে।

এ অবস্থায় আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এজন্য ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর লক্ষ্য হলো গ্রাহকের আমানত সুরক্ষা, কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পাঁচ ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা। বাকি অর্থের মধ্যে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে নেওয়া হবে সাড়ে ৭ হাজার কোটি টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দেওয়া হবে আরও সাড়ে ৭ হাজার কোটি টাকার শেয়ার।

সরকার ইতোমধ্যে অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। ফলে ব্যাংকগুলো একীভূত করার পথ সুগম হয়েছে। এ ছাড়া বিদেশি অডিট ফার্ম আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি এসব ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। সেগুলো পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। এমডিদের চুক্তিও বাতিল করা হবে। তবে চেয়ারম্যানদের উপদেষ্টা বা অন্য কোনো পদে রাখা যায় কিনা, তা নিয়ে এখনও আলোচনা চলছে। একীভূত হওয়ার পর বিদ্যমান শেয়ার বাতিল হবে এবং নতুন শেয়ার ইস্যু করা হবে। নতুন ব্যাংকের জন্য আলাদা পরিচালনা পর্ষদ গঠন হবে এবং নতুন একজন এমডি নিয়োগ দেওয়া হবে। প্রশাসকরা তাদের দায়িত্ব পালন শেষে আবার বাংলাদেশ ব্যাংকে ফিরে যাবেন।

একীভূত হওয়া নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে “ইউনাইটেড ইসলামী ব্যাংক”। তবে এটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। লাইসেন্স ইস্যুর পর নাম চূড়ান্ত হবে। চেয়ারম্যান হিসেবে আলোচনায় আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, যিনি দীর্ঘদিন দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের এমডি ছিলেন। এমডি হিসেবে আলোচনায় আছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান এমডি শফিউজ্জামান। তবে তার অভিজ্ঞতা ও অতীত রেকর্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

দেশজুড়ে এই পাঁচ ব্যাংকের শাখা রয়েছে ৭৬০টি। এছাড়া রয়েছে ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ। কিন্তু আমানতকারীদের অর্থ ফেরত দিতে গিয়ে এক্সিম ব্যাংককে ধার নিতে হয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ধার নিয়েছে ৭ হাজার ৫০ কোটি, সোশ্যাল ইসলামী নিয়েছে ৬ হাজার ৬৭৫ কোটি, গ্লোবাল ইসলামী নিয়েছে ২ হাজার ২৯৫ কোটি এবং ইউনিয়ন ব্যাংক ধার নিয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা। এই ঋণ ও ধার প্রমাণ করছে, ব্যাংকগুলো কতটা সংকটে পড়েছিল। মূলধনে বড় ঘাটতি থাকায় একীভূত না করলে এগুলো টিকিয়ে রাখা অসম্ভব হতো।

অর্থনীতিবিদরা মনে করছেন, দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে সফলভাবে বাস্তবায়ন করতে হলে আইনি জটিলতা এড়ানোই হবে প্রধান চ্যালেঞ্জ। তারা বলেন, “চেয়ারম্যান ও এমডি পদে সঠিক নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি। স্বচ্ছতা নিশ্চিত করা গেলে জনগণের আস্থা ফিরবে। কিন্তু রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির কারণে ভুল সিদ্ধান্ত নিলে আবারও নতুন ব্যাংক কেলেঙ্কারির ঝুঁকি তৈরি হবে।”

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআই’র রিপোর্ট গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দামে বাড়তি চাপ

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে ...

আইপিও তহবিলে অনিয়ম একমি পেস্টিসাইডসের, ব্যবসায় লোকসান হলেও লাগামহীন শেয়ারদর

আইপিও তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম, প্রসপেক্টাসে ঘোষিত সমসূচি না মানা, তহবিল ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ...

বিএসইসির নির্দেশনা উপেক্ষিত অদাবিকৃত লভ্যাংশ নিয়ে কোম্পানিগুলোর গড়িমসি

অদাবিকৃত লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা মানছে না পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। কোম্পানিগুলো অদাবিকৃত লভ্যাংশ ...