জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৭:৩৩ পিএম

মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১২ আগস্ট চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিজানুর রহমানকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তার মুঠোফোনে পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে কথোপকথন, অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে শাহরাস্তি থানা পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসাজশের অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

চাঁদপুর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের একাধিক সূত্র জানায়, সাময়িক বরখাস্তের পরও অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া চলবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হতে পারে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত