জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৮:১৩ পিএম

মাদারীপুরের রাজৈরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছে মাদারীপুর জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেলের ইনচার্জ এএসপি বিমল চন্দ্র বর্মন বিষয়টি তুলে ধরেন।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে রাজৈর থানার পূর্ব স্বরমঙ্গল এলাকা থেকে বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) গভীর রাতে মানব পাচারকারী এনামুল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। তিনি রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এশাহাক মাতুব্বরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইতালী যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে পূর্বপরিচিত এনামুল মাতুব্বর ও তার সহযোগীরা তাকে স্পন্সর ভিসায় ইতালী পাঠিয়ে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য ২২ লাখ টাকা দাবি করা হয়। তাদের কথায় বিশ্বাস করে গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী এনামুলদের হাতে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট তুলে দেন।

পরে গত ৭ জানুয়ারি ভুক্তভোগীকে ইতালীর পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে এনামুল মাতুব্বর তাকে রিসিভ করে নিজের বাসায় নিয়ে রাখেন। কয়েক দিন পর আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে লিবিয়ায় থাকা ওই চক্রের সদস্যরা ভুক্তভোগীকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীকে মুক্ত করতে তার স্বজনরা বিভিন্ন সময়ে এনামুল মাতুব্বরকে আরও ২০ লাখ টাকা দেন। এরপরও তাকে মুক্তি না দিয়ে জিম্মি করে নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে ভুক্তভোগী পাচারকারী চক্রের কবল থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় আইওএমের (ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন) সহায়তা নেন। পরে গত ২৮ এপ্রিল ২০২৬ দেশে ফিরে আসেন তিনি।

এ ঘটনায় রাজৈর থানায় মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এনামুল মাতুব্বরকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তার পিসিপিআর যাচাই করে একটি মানব পাচার মামলার তথ্য পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা পুলিশ আরো জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানব পাচারকারী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত