জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৯:৪৪ পিএম

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ মেঘাদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মেঘাদল সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের কসমেটিকস অবৈধভাবে পাচারের চেষ্টা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত