মো. মাহমুদুল হাসান
প্রকাশিত: জুন ১৮, ২০২৬ ১০:৪৬ এএম , আপডেট: জুন ২২, ২০২৬ ১০:৪৮ এএম

আজ থেকে ঠিক তিন দশক আগের সিউল আর আজকের সিউলের আকাশ-পাতাল তফাত কোনো জাদুবলে ঘটেনি। দক্ষিণ কোরিয়া নামক পূর্ব এশিয়ার এই ছোট্ট উপদ্বীপটি যখন সত্তরের দশকে সস্তা কাপড়ের কারখানা আর সস্তা শ্রম রপ্তানি করত, তখন অনেকেই ভাবেনি তারা একদিন সিলিকন ভ্যালির বুক কাঁপিয়ে দেবে। আজ তারা তাদের মোট জিডিপির প্রায় ৪ দশমিক ৮ শতাংশ স্রেফ ঢেলে দিচ্ছে গবেষণা ও উন্নয়নের (R&D) পেছনে। অঙ্কটা খাতা-কলমে যতটুকুই দেখাক, এর ভেতরের দর্শনটা ভয়াবহ সুন্দর । দক্ষিণ কোরিয়া খুব ভালো করেই জানে, আগামী দুই দশক পর এই চেনা পৃথিবীর চেনা কায়িক শ্রমের বাজারটা কর্পূরের মতো উবে যাবে। যেখানে রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের পেশিশক্তিকে ডাস্টবিনে নিক্ষেপ করতে প্রস্তুত, সেখানে তারা তাদের তরুণ প্রজন্মকে তৈরি করছে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত তাপমাত্রায়। তারা বোঝে, ভবিষ্যৎ পৃথিবীতে কায়িক শ্রমের দাম হবে কানাকড়ি। এই নির্মম ও রূঢ় বৈশ্বিক বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে যখন নিজের চেনা মানচিত্রের দিকে তাকাই, তখন বুকের ভেতর এক তীব্র হাহাকার আর ক্রোধ জন্ম নেয়। আমরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের নীতিনির্ধারকেরা কি টের পাচ্ছেন কী ভয়ানক এক অন্ধকারের দিকে আমরা হেঁটে যাচ্ছি? আমাদের তরুণদের জন্য কি আমরা একটা আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি বানাতে পেরেছি? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, আমাদের চারপাশের ক্ষয়ে যাওয়া শিক্ষাব্যবস্থা আর ভেঙে পড়া বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালেই উত্তরটা জলের মতো পরিষ্কার হয়ে যায়।

একটি দেশের মেরুদণ্ড সোজা রাখার প্রধান জ্বালানি হলো শিক্ষা, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে একে টিকিয়ে রাখার নূন্যতম মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে ইউনেস্কো। তাদের স্পষ্ট নির্দেশনা হলো, একটি দেশের মোট জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ করা উচিত। অথচ আমাদের এই বদ্বীপ রাষ্ট্রে এই বরাদ্দের খতিয়ান দেখলে লজ্জা পেতে হয়। বছরের পর বছর ধরে এই বরাদ্দ জিডিপির ২ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে, যা অনেক সময় ১ দশমিক ৫ শতাংশের কোঠায় গিয়ে ঠেকে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেও আমাদের এই দৈন্যদশা আরও নগ্নভাবে উন্মোচিত হয়। নেপাল বা ভুটানের মতো ছোট অর্থনীতিও আমাদের চেয়ে জিডিপির অনুপাতে শিক্ষায় অনেক বেশি বিনিয়োগ করে। আমরা মেগা প্রজেক্টের চাকচিক্য দিয়ে বিশ্বকে চমকে দিতে চাই, অথচ যে মানুষগুলো এই প্রজেক্ট চালাবে, সেই মেধার গোড়াতেই জল না দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য কোনো টাকা থাকে না। কতিপয় উপাচার্যদের মূল চিন্তা থাকে কীভাবে প্রশাসনিক ক্ষমতার দাপট বজায় রাখা যায়, কীভাবে নতুন ভবন নির্মাণের বাজেট থেকে আখের গোছানো যায়। শিক্ষাদানের মূল সূতিকাগার যে ল্যাবরেটরি, সেগুলো পড়ে আছে আদিম যুগের কঙ্কালের মতো। সেখানে মরিচা ধরা যন্ত্রপাতি আর সায়েন্স ল্যাবের পুরোনো কেমিক্যালের গন্ধ ছাড়া নতুন কোনো আবিষ্কারের আলো নেই। লাইব্রেরিগুলোতে বছরের পর বছর ধরে কোনো আধুনিক আন্তর্জাতিক জার্নাল বা বইপত্র আসে না। ডিজিটাল লাইব্রেরির নামে যা চলে, তা আসলে স্রেফ শুভঙ্করের ফাঁকি।

এই বন্ধ্যাত্বের সবচেয়ে বড় শিকার আমাদের শিক্ষকেরা। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন বাজারে গিয়ে চাল-ডালের দাম মেলাতে হিমশিম খান, যখন তার উপযুক্ত বেতন ও সামাজিক মর্যাদা থাকে না, তখন তিনি আর গবেষণায় মন দিতে পারেন না। ফল যা হওয়ার তাই হচ্ছে, দেশজুড়ে চলছে মেধার এক অন্তহীন মহাপ্রয়াণ। আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে তুখড় তরুণরা পড়াশোনা শেষ করেই এই মাটি ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের করিডোরে হাঁটলে তরুণদের চোখে স্বপ্নের চেয়ে বেশি দেখবেন দেশ ছাড়ার আকুলতা। তারা খুব ভালো করেই জানে এবং বোঝে যে, এই দেশে মেধার মূল্যায়নের চেয়ে চাটুকারিতা, রাজনৈতিক তদ্বির আর লবিংয়ের জোর অনেক বেশি। মেধা এখানে এক অভিশাপের নাম, যেখানে যোগ্যতার চেয়ে আনুগত্যের মূল্য অনেক ওপরে। ফলে যে ছেলেটি বা মেয়েটি হতে পারত এই দেশের নিজস্ব প্রযুক্তির রূপকার, সে তার সমস্ত মেধা ঢেলে দিচ্ছে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার ল্যাবরেটরিতে। আমরা সস্তায় মেধা রপ্তানি করে দিচ্ছি আর বুক ফুলিয়ে বলছি আমাদের প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছে। এর চেয়ে বড় আত্মঘাতী দেউলিয়াত্ব আর কী হতে পারে?

ভূ-কৌশলগত এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট থেকে যদি বিষয়টি তলিয়ে দেখা যায়, তবে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ মনে হবে। বর্তমান বিশ্ব অর্থনীতি এখন আর প্রাকৃতিক সম্পদের ওপর দাঁড়িয়ে নেই, একে নিয়ন্ত্রণ করছে নলেজ ইকোনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতি। চিপ ওয়ার বা সেমিকন্ডাক্টর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে তীব্র স্নায়ুযুদ্ধ চলছে, তার মূল অস্ত্র কিন্তু কোনো ক্ষেপণাস্ত্র নয়, তার মূল অস্ত্র হলো উন্নত ল্যাবরেটরির পেটেন্ট। তাইওয়ানের টিএসএমসি (TSMC) নামক একটি মাত্র কোম্পানি পুরো পৃথিবীর প্রযুক্তি খাতকে জিম্মি করে রাখতে পারে কেবল তাদের উন্নত প্রযুক্তিগত সক্ষমতার কারণে। এই রকম এক বিশ্ব পরিস্থিতিতে আমরা আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীকে স্রেফ অদক্ষ বা আধাদক্ষ শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটে পাঠিয়ে দিচ্ছি। আজ থেকে বিশ বছর পর, অর্থাৎ ২০৪৬ সালের দিকে যখন পৃথিবী সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর হয়ে যাবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সাধারণ হিসাব-নিকাশ আর কেরানির চাকরিগুলো গিলে খাবে, তখন এই কায়িক শ্রমের কোনো বাজার অবশিষ্ট থাকবে না। দুবাইয়ের মরুভূমিতে কিংবা কুয়ালালামপুরের কারখানায় তখন মানুষের জায়গা নেবে সস্তা রোবট। তখন আমাদের এই কোটি কোটি তরুণ জনগোষ্ঠী কী করবে? তারা কি স্রেফ ক্ষুধার্ত চোখে চেয়ে থাকবে? কায়িক শ্রমের বাজার বন্ধ হয়ে গেলে আমাদের রেমিট্যান্স-নির্ভর ভঙ্গুর অর্থনীতির তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য।

আমরা প্রায়ই জনসংখ্যার লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে নিজেদের পিঠ চাপড়াই। আমাদের জনসংখ্যার সিংহভাগই তরুণ, এটা নাকি আমাদের মস্ত বড় শক্তি। কিন্তু এই তত্ত্বের ভেতরে যে কত বড় ফাঁকি আছে, তা আমাদের নীতিনির্ধারকেরা বুঝতে চান না। মেধা আর শিক্ষা ছাড়া এই বিশাল তরুণ জনগোষ্ঠী আসলে কোনো সম্পদ নয়, বরং এক সময় এটি হয়ে উঠবে এক জীবন্ত টাইম বোম। যখন এই লাখ লাখ তরুণের হাতে কোনো কাজ থাকবে না, যখন তারা দেখবে তাদের কায়িক শ্রমের কোনো মূল্য নেই বাজারে, তখন সমাজে চরম অরাজকতা ও হাহাকার নেমে আসবে। দক্ষিণ কোরিয়া তাদের তরুণদের সেই কানাকড়ির ভবিষ্যতের হাত থেকে বাঁচাতে পেরেছে কারণ তারা দূরদর্শী। তারা সস্তা জনপ্রিয়তার রাজনীতি না করে দীর্ঘমেয়াদি রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বানিয়েছে বিশ্ব রাজনীতির এবং অর্থনীতির চালিকাশক্তি। আর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বানিয়েছি ছাত্ররাজনীতির নামে ক্ষমতার মহড়া দেওয়ার আখড়া। এখানে মেধার চর্চা হয় না, এখানে চর্চা হয় কীভাবে ক্ষমতার পায়ে দাসত্ব করা যায়।

শিক্ষা খাতে এই চরম অবহেলার আরেকটি বড় কুফল হলো আমাদের অভ্যন্তরীণ শিল্পের বিকাশ স্থবির হয়ে যাওয়া। আমাদের তৈরি পোশাক খাত এখনো বিদেশি ডিজাইনার আর বিদেশি টেকনিশিয়ানদের ওপর নির্ভরশীল। প্রতি বছর এই খাত থেকে কোটি কোটি ডলার শ্রীলঙ্কা, ভারত বা কোরিয়ার টেকনিশিয়ানরা নিয়ে যাচ্ছে, কারণ আমাদের নিজেদের ছেলেদের সেই উচ্চতর টেকনিক্যাল জ্ঞান বা ল্যাবরেটরি ট্রেইনিং নেই। আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলেটি ব্যাংকের কেরানির চাকরির জন্য লাইন ধরছে, কারণ দেশের ল্যাবগুলোতে সে কোনো গবেষণার সুযোগ পায়নি, কোনো নতুন উদ্ভাবনের পরিবেশ পায়নি। এই যে মেধার কাঠামোগত অপচয়, এর মাশুল এই জাতিকে আগামী শতাব্দী ধরে দিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মে যারা সস্তা শ্রম বিক্রি করে, তারা সব সময়ই শোষিত হয়। আর যারা জ্ঞান এবং প্রযুক্তি বিক্রি করে, তারা বিশ্বকে শাসন করে। আমরা স্বাধীনতার এত বছর পরও সেই শোষিতের কাতারেই রয়ে গেলাম, কারণ আমরা মানুষের মগজে বিনিয়োগ করতে শিখিনি। ইট-পাথরের ফ্লাইওভার আমাদের দৃশ্যমান উন্নয়ন দিতে পারে, কিন্তু তা কখনোই একটা জাতির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারে না যদি না সেই ফ্লাইওভারের ওপর দিয়ে চলা মানুষের মগজ উন্নত হয়।

বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদনে বারবার সতর্ক করা হয়েছে যে, বাংলাদেশ যদি মধ্যম আয়ের ফাঁদ বা মিডল-ইনকাম ট্র্যাপ এড়াতে চায়, তবে তাকে দ্রুত মানবসম্পদ উন্নয়নে মনোযোগ দিতে হবে। কিন্তু আমাদের বাজেট বরাদ্দ দেখলে মনে হয় আমরা যেন এক আত্মঘাতী খেলায় মেতেছি। শিক্ষা ও প্রযুক্তির বাজেটকে বিলাসী খরচ মনে করা হয়, আর আমলাতন্ত্রের পেছনে ঢালা হয় অঢেল অর্থ। এই বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকেরা যখন অবহেলিত, তখন মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চায় না। যারা আসেন, তারাও দ্রুত কোনো স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি জমানোর ধান্দায় থাকেন। ফলস্বরূপ, আমাদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কাঠামোটিই এখন এক প্রকার অভিভাবকহীন, দিশাহীন নৌকার মতো ভাসছে। কোনো দূরদর্শী রূপকল্প ছাড়া, কোনো আধুনিক ল্যাবরেটরি ছাড়া কেবল পরীক্ষার পর পরীক্ষা নিয়ে জিপিএ ফাইভের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে। এই জিপিএ ফাইভের সনদ দিয়ে আন্তর্জাতিক বাজারে সস্তা শ্রমিকের চেয়ে বেশি কিছু হওয়া সম্ভব নয়, তা আজকের কর্পোরেট বিশ্বের দিকে তাকালেই বোঝা যায়।

এখনো সময় শেষ হয়ে যায়নি, তবে সময় যে খুব দ্রুত ফুরিয়ে আসছে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের যদি এই কানাকড়ির কায়িক শ্রমের ভবিষ্যৎ থেকে বাঁচতে হয়, তবে রাষ্ট্রকে তার অগ্রাধিকারের তালিকা পুনর্নির্ধারণ করতে হবে। মেগা প্রজেক্টের মোহ কাটানো জরুরি। তার চেয়ে বড় মেগা প্রজেক্ট হওয়া উচিত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের অন্তত একটি করে বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা। শিক্ষা বাজেটকে অনতিবিলম্বে জিডিপির নূন্যতম ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করতে হবে এবং সেই টাকার সিংহভাগ বরাদ্দ রাখতে হবে গবেষণার জন্য। চাটুকারিতা আর লবিংয়ের সংস্কৃতি থেকে বের হয়ে এসে মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষকদের বেতন ও মর্যাদা এমন স্তরে নিয়ে যেতে হবে যেন দেশের সবচেয়ে মেধাবী সন্তানটি করপোরেট মাল্টিন্যাশনালের চাকরি ছেড়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে আসতে বাধ্য হয়। মেধার এই যে স্রোতের মতো বহির্গমন বা ব্রেন ড্রেন, একে যদি আমরা এখনই শক্ত হাতে না থামাতে পারি, তবে ২০ বছর পর আমাদের এই বিশাল যুবসমাজ কেবল এক পঙ্গু এবং পরনির্ভরশীল জাতিতে পরিণত হবে। সেদিন হয়তো আমাদের অনেক বড় বড় অট্টালিকা থাকবে, কিন্তু সেই অট্টালিকাগুলো পরিচালনা করার মতো কোনো মগজ এই দেশে আর খুঁজে পাওয়া যাবে না। সেই অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হওয়ার আগেই আমাদের জাগতে হবে, নতুবা ইতিহাস আমাদের এই চরম উদাসীনতার জন্য কখনোই ক্ষমা করবে না।

মো. মাহমুদুল হাসান
ভূরাজনৈতিক বাণিজ্য ও উন্নয়ন কৌশল বিশ্লেষক

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি: সুযোগের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশ, কী হতে পারে উত্তরণের পথ?

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশক পূর্তি এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন দুই ...

বাণিজ্য ঘাটতির বাড়ন্ত চাপ: কাঠামোগত সংস্কারই টেকসই অর্থনীতির একমাত্র পথ

বাংলাদেশের অর্থনীতি গত দেড় দশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত প্রবৃদ্ধির গল্প তৈরি করেছে। মাথাপিছু আয় ...