নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬ ৭:৪০ পিএম

দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ ও নিষ্ক্রিয় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়িয়েছে। সর্বশেষ এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কারখানা বন্ধের তথ্য জানিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তালিকাভুক্ত কোম্পানি নিয়ে বিনিয়োগকারীদের বেড়েছে উদ্বেগ।

ডিএসইর তথ্য বলছে, গত ১ আগস্ট থেকে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাদের পক্ষে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানিটি জানায়, ২০২৪ সালের ০৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে ঋণদাতা ব্যাংকগুলো এলসি খোলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। ফলে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি ব্যাহত হয়। এর পাশাপাশি দক্ষ শ্রমিকদের একটি বড় অংশ চাকরি ছেড়ে চলে যাওয়ায় কোম্পানিটিতে তীব্র জনবল সংকট তৈরি হয়। কাঁচামাল ও রাসায়নিকের সরবরাহে বিঘ্ন এবং জনবল সংকট- সব মিলিয়ে শেষ পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কোম্পানিটি।

তবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে জানিয়ে এস আলম কোল্ড রোল্ড স্টিলস বলেছে, পরিস্থিতির উন্নতি হলে তারা আবার উৎপাদন শুরু করতে চায়। দ্রুত উৎপাদন শুরু করতে না পারলে কোম্পানিটির আর্থিক অবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসইর তথ্য অনুযায়ী, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নতুন করে তালিকায় যুক্ত হওয়ায় ডিএসইতে বন্ধ বা অকার্যকর শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এখন ৩৫টি। কিছু কোম্পানি তাদের কার্যক্রমে সমস্যার কথা এক্সচেঞ্জকে জানিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান কারখানা বন্ধের তথ্য প্রকাশ করেনি। কোনো কোনো ক্ষেত্রে ডিএসইর পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট কারখানার কার্যক্রম এরইমধ্যে বন্ধ হয়ে গেছে। এসব কোম্পানির বেশির ভাগই ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে উৎপাদন বন্ধ করেছে। তবে কয়েকটি প্রতিষ্ঠান এর চেয়েও দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় রয়েছে।

ডিএসইতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা তালিকাভুক্ত শিল্পপ্রতিষ্ঠান হলো মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে বন্ধ। এছাড়া বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রমে নেই। বন্ধ কোম্পানির তালিকায় এছাড়াও ইস্পাত, বস্ত্র, বিদ্যুৎ, সিমেন্ট, প্রকৌশল, সিরামিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও রাসায়নিক খাতের প্রতিষ্ঠান রয়েছে। এস আলম কোল্ড রোল্ড স্টিলসের আগে সর্বশেষ তালিকায় যুক্ত হয়েছে একই গ্রুপের দুই প্রতিষ্ঠান অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগ্রো বায়োটেক।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে এক্সচেঞ্জটিতে মোট ৩৬০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ১৬০টি, ‘বি’ ক্যাটাগরিতে ৭৪টি এবং ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে ১২৬টি কোম্পানি। বন্ধ অনেক প্রতিষ্ঠানই ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা কোম্পানির সংখ্যা বাড়তে থাকলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হতে পারে।

তাদের মতে, যেসব কোম্পানি দীর্ঘদিন ধরে কার্যত নিষ্ক্রিয়, সেগুলোর বিষয়ে নিয়ন্ত্রকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী কোম্পানি পুনর্গঠন, উদ্যোক্তা বা স্পনসর পরিবর্তন, একীভূতকরণ, অধিগ্রহণ কিংবা প্রয়োজন হলে তালিকাচ্যুতির মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এ ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বাজারে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ বা নিষ্ক্রিয় কোম্পানিগুলো নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তাও কমতে পারে।

ওডি

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...