জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ২:২৪ পিএম , আপডেট: আগস্ট ১৪, ২০২৬ ২:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ড কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একটি জাহাজে কাজ করার সময় একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখা যায়। বিষয়টি দেখতে সেফটি টিমের কয়েকজন সদস্য এগিয়ে গেলে তারা গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হন।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, “ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে। এরপর সেফটি টিমের কয়েকজন সদস্য লিকটি পরীক্ষা করতে গেলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক আহত হন।”

তিনি জানান, আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপ-মহাপরিদর্শক মাহবুবুল হাসান জানিয়েছেন, তাঁদের কাছে ১০ জন শ্রমিক আহত হওয়ার তথ্য রয়েছে। তিনি একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও অন্যদের সর্বশেষ অবস্থা সম্পর্কে তখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান।

দুর্ঘটনার পর ইয়ার্ডে উদ্ধার তৎপরতা শুরু হয়। গ্যাস লিকের প্রকৃত কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। আহত আছেন কয়েকজন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত