জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৮:০০ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সংঘর্ষে জড়িত আরও ২-৩ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের মাছ ধরার কোঁচের আঘাতে গুরুতর আহত শহিদুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর পরিবারের মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলী ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ শেষে রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শহিদুল ইসলামকে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের থানায় নেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেলে মামলায় আসামির চূড়ান্ত সংখ্যা জানা যাবে। সংঘর্ষে জড়িত আরও ২-৩ জন পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহের ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে। দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ...

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ...

এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ ...