প্রকাশিত: আগস্ট ২০, ২০২০ ১১:১৯ এএম

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার আগামী সোমবার (২৪ আগস্ট) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, ‘এন’ গ্রুপের আওতায় লেনদেন হওয়া কোম্পানিটির লেনদেন কোড হবে ‘ইআইএল’। আর কোম্পানি কোড হবে ২৫৭৪৮।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে দুই কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেছে।

আইপিওতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

আইপিও অনুমোদন দেয়ার সময় বিএসইসি জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী, পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৭২ পয়সা। আর বিগত পাঁচটি বছরের কর-পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা।

বিএসইসি আরও জানায়, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ‘পাবলিক ইন্স্যু বিধিমালা, ২০১৫’ এর বিধি ৩(৩)(সি) পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে আইপিওর মাধ্যমে উত্তোলন করা মূলধনের ন্যূনতম ২০ শতাংশ অর্থ ‘নন-লাইফ বীমাকারীর সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ প্রবিধানমালা ২০১৯’-এর বিধান পরিপালন সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ করার শর্ত আরোপ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটির সাধারণ শেয়ার ক্রয়ের জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম শুরুর পাঁচ কার্যদিবস আগে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে কমপক্ষে এক কোটি টাকা বিনিয়োগ থাকার শর্তজুড়ে দেয়া হয়।

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ‎​ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...