নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ৭:২৯ এএম , আপডেট: আগস্ট ১১, ২০২৬ ৯:৩৩ পিএম
  • মে মাসে আমানত বেড়েছে ৪ কোটি ৬ লাখ টাকা
  • শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ছাড়াল ৫৩ লাখ
  • এক মাসে নতুন হিসাব বেড়েছে ১ লাখ ৪৪ হাজার
  • শিক্ষার্থীদের মোট আমানত ২ হাজার ২৮ কোটি টাকা

উচ্চ মূল্যস্ফীতিতে শিক্ষাব্যয় বাড়লেও থেমে নেই শিক্ষার্থীদের সঞ্চয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে টানা বাড়ছে ব্যাংকে শিক্ষার্থীদের জমানো অর্থ ও হিসাবের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু মে মাসেই শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানত বেড়েছে ৪ কোটি ৬ লাখ টাকা। একই সময়ে নতুন করে ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হয়েছে আরও ১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১০ সালে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা ও তাদের আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষিত করে তোলার উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। এ কার্যক্রমের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে টাকা জমানোর অভ্যাস তৈরি করা ও আর্থিক ব্যবস্থাপনায় তাদের আরও উপযোগী করে গড়ে তোলা। তবে ২০১০ সালে স্কুল ব্যাংকিং শুরু হলেও শিক্ষার্থীরা টাকা জমা রাখার সুযোগ পায় ২০১১ সাল থেকে। প্রথম বছরে অর্থাৎ ২০১১ সালে ২৯ হাজার ৮০টি স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয়।
এখন পর্যন্ত ৫৯টি ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। প্রথমে ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা অ্যাকাউন্ট খুলতে পারতো। তবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিংয়ের নতুন নির্দেশনা জারি করে। এতে শিক্ষার্থী ব্যাংক হিসাব খোলার বয়সসীমা বাড়িয়ে ২৫ বছর করা হয়। নতুন এই নির্দেশনা জারির ফলে প্রথম প্রান্তিকেই ১৩ লাখ ৪২ হাজার শিক্ষার্থী নতুন করে ব্যাংক হিসাবে যুক্ত হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ–সংক্রান্ত নীতিমালা জারি করে। সেখানে বলা হয়, সারা দেশে ব্যাংকের প্রতিটি শাখা তার আশপাশের অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেবে। হিসাব খোলার ক্ষেত্রে এই নির্দেশনারও ইতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করেন ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্কুল ব্যাংকিংয়ে সব ধরনের ফিস ও চার্জের ক্ষেত্রে রেয়াত পাওয়া, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাওয়া, ন্যূনতম স্থিতির বাধ্যবাধকতার ক্ষেত্রে ছাড় ও স্বল্প খরচে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ রয়েছে। মাত্র ১০০ টাকা আমানত রেখেই এ হিসাব খোলা যায়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ সালের মে মাসে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৮ কোটি ৫৪ লাখ টাকা। আর আগের মাস এপ্রিলে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ২ হাজার ২৪ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৪ কোটি ৬ লাখ টাকা।

তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ২ হাজার ২ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের মাস ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে জমার পরিমাণ ছিল ১ হাজার ৯৬৫ কোটি ৫৪ লাখ টাকা।

প্রতিবেদন বলছে, স্কুল শিক্ষার্থীদের এসব জমানো টাকার মধ্যে শহরের শিক্ষার্থীদের জমানো টাকা হল ১ হাজার ৪৪১ কোটি ৩৪ লাখ টাকা এবং গ্রামের শিক্ষার্থীদের জমানো টাকার পরিমাণ হল ৫৮৭ কোটি ২১ লাখ টাকা।

এ দিকে স্কুল শিক্ষার্থীদের আমানতের সাথে ধারাবাহিক বাড়ছে নতুন হিসাবও। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাস শেষে ব্যাংকে শিক্ষার্থীদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ২৬ হাজার ৫৯৪টি। আর আগের মাস এপ্রিল শেষে ব্যাংকে শিক্ষার্থীদের হিসাব সংখ্যা ছিল ৫১ লাখ ৮১ হাজার ৯৮৮টি। সে হিসাবে এক মাসের ব্যবধানে হিসাব সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৬০৬টি।

মে মাসে ছেলেদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ১২ হাজার ৮৪৪টি আর মেয়েদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১৩ হাজার ৭৫০টি। এপ্রিলে ছেলেদের হিসাব সংখ্যা ছিল ২৬ লাখ ৪৪ হাজার ৮৪ টি এবং মেয়েদের হিসাব সংখ্যা ছিল ২৫ লাখ ৩৭ হাজার ৯০৪টি।

খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠান প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। বেশির ভাগ শিক্ষার্থী ব্যাংকিং মাধ্যমে বৃত্তির অর্থ পান। অন্যদিকে সম্প্রতি শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার বয়সের সীমা বাড়ানো হয়েছে। এতে শিক্ষার্থী হিসাবের সংখ্যা বেড়েছে। এ ছাড়া দেশের ব্যাংকগুলোর সব শাখার অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাংকিং সেবা দেওয়ার নীতিও শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও আমানত বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার অবশিষ্ট ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়ায় নতুন আরেকটি ...

চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা

জানুয়ারি–মার্চে পণ্য হ্যান্ডলিং কমেছে ০.৬৭%* রপ্তানি পণ্য হ্যান্ডলিং কমেছে ৮.৫৪% আমদানি পণ্য হ্যান্ডলিং কমেছে ০.১৭% ...