
- ব্যাংকটির বর্তমান খেলাপি ঋণ ১০,০৭৪ কোটি টাকা
- আদায় অযোগ্য খেলাপি ৯,৩৪৭ কোটি টাকা
- প্রভিশন ঘাটতি ৫,১১৫ কোটি টাকা
- মূলধন ঘাটতি ১,২৮৭ কোটি টাকা
- রাইট শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করবে ৭৭৫ কোটি টাকা
বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন কর্তৃক ঋণের নামে ব্যাপক লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। লুটের টাকা ফেরত না আসায় বেড়েছে খেলাপি ঋণ। রাখতে পারছে না খেলাপি ঋণের বিপরীতে পর্যাপ্ত প্রভিশন। ঘাটতি হয়েছে মূলধনেও। এই অবস্থায় মূলধন সংগ্রহে এখন পুজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকটি ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করছে। ইতিমধ্যে রাইট শেয়ার ইস্যুর দেয়া প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।
১৯৮৪ সালে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ীদের একটি গ্রুপ প্রতিষ্ঠা করেছিল বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। শুরুতে সুনামের সঙ্গে গ্রাহকদের সেবা দিয়েছিল ব্যাংকটি। কিন্তু সাইফুজ্জামান চৌধুরীর পরিবার দখলে নেওয়ার পর থেকেই ব্যাংকটির বিভিন্ন সূচক খারাপ হতে শুরু করে। এরপর থেকে সামনে আসে একের পর এক ঋণ কেলেঙ্কারির ঘটনা। বিশেষ করে ২০১৮ সালের পর থেকে আওয়ামী লীগের এই তিনবারের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ব্যক্তিগত স্বার্থে ইউসিবিকে ব্যবহার করতেন। বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান খুলে এগুলোর নামে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে লুটে নিয়ে বিদেশে পাচার করেছেন। এরপর থেকেই দুর্বল হয়ে পড়ে এক সময়ের শক্তিশালী ব্যাংকটি।
২০২৪ সালের ৫ আগষ্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর ধসে পড়া ব্যাংক খাত সংস্কারের পদক্ষেপ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ২৮ আগস্ট সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের কবল থেকে মুক্ত হয় ইউসিবি ব্যাংক। সেদিন পুরো বোর্ড বাতিল করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই সামনে আসে ব্যাংকটি থেকে ঋণের নামে লুটে নেয়া হাজার হাজার কোটি টাকার তথ্য। বেরিয়ে আসে ব্যাংকটির সার্বিক চিত্র। ব্যাপক লুটপাটের কারণে ব্যাংকটিতে বেড়েছে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ হল ১০ হাজার ৭৪ কোটি টাকা। আর প্রভিশন ঘাটতি ৫ হাজার ১১৫ কোটি টাকা এবং মূলধন ঘাটতি রয়েছে ১ হাজার ২৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাড়িয়েছে ৬৩ হাজার ১৩৭ কোটি ১০ লাখ টাকা। বিতরণকৃ ঋণের মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে ১০ হাজার ৭৪ কোটি ৫৪ লাখ টাকা, যেটা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ১৫ দশমিক ৯৬ শতাংশ। তথ্য মতে, এসব খেলাপির মধ্যে মন্দ বা আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে ৯ হাজার ৩৪৭ কোটি ৫৫ লাখ টাকা, যেটা মোট বিতরণকৃত ঋণের ১৪ দশমিক ৮১ শতাংশ।
২০২৩ সালে ইউসিবির খেলাপি ঋণের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০১৬ সালে এর পরিমাণ ছিল ১ হাজার ৭৯২ কোটি টাকা। তবে এই খাতের সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি।
উচ্চ খেলাপি ঋণের কারণে বেড়েছে ব্যাংকটির প্রভিশন ঘাটতি। খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকটির প্রভিশন রাখার প্রয়োজন ছিল ৭ হাজার ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। কিন্তু ব্যাংকটি প্রভিশন জমা রেখেছে ২ হাজার ৭৩৩ কোটি ৯৩ কোটি টাকা। এতে করে ব্যাংকটির প্রভিশন ঘাটতি রয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ টাকা।
অপরদিকে ব্যাপক অনিয়ম-লুটপাটের কারণে মূলধন ঘাটতিতেও পড়েছে ব্যাংকটি। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাড়িয়েছে ১ হাজার ২৮৭ কোটি ৫৯ লাখ টাকা।
এদিকে সাইফুজ্জামানের পরিবারের কবল থেকে ইউসিবি মুক্ত হওয়ার পর ব্যাংকটি থেকে ভুয়া প্রতিষ্ঠান খুলে সাইফুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নেয়া ঋণের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির প্রমাণ পেয়ে দুদক কয়েকটি মামলাও করেছে।
ইউসিবি থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের দায়ে দুদক প্রথম মামলাটি করে ২০২৫ সালের আগস্ট মাসে। ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম বাদী হয়ে মামলাটি করেন। আরামিট গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততায় সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় সৈয়দ নুরুল ইসলামকে ক্রিসেন্ট ট্রেডার্স নামীয় একটি নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের মালিক সাজানো হয়। পরে ভুয়া তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে ২০১৯ সালের ১০ অক্টোবর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জুবিলী রোড শাখায় একটি চলতি হিসাব খোলা হয়। ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং মাকসুদ আহম্মেদ কোনো যাচাই-বাছাই ছাড়াই নিয়মবহির্ভূতভাবে হিসাবটি খোলেন এবং এর পেছনে আরামিট সিমেন্টের অ্যাকাউন্টস ব্যবস্থাপক মোহাম্মদ হোছাইন চৌধুরীর ভূমিকা ছিল।
দুদকের মামলায় বলা হয়েছে, ক্রিসেন্ট ট্রেডার্সের নামে ঋণের জন্য ভুয়া আবেদন দাখিল করা হয়। তৎকালীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জুবিলী রোড শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম, কান্তা দাশ গুপ্তা, মাকসুদ আহম্মেদ ও শাখাপ্রধান মোহাম্মদ আবদুল করিমের সমন্বয়ে গঠিত ক্রেডিট কমিটি ভুয়া প্রতিষ্ঠানটির পক্ষে মিথ্যা পরিদর্শন প্রতিবেদন তৈরি করে ঋণের প্রস্তাব দেন। প্রস্তাবটি ইউসিবির প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের মাধ্যমে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণসহ পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। এরপরও ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৭তম সভায় ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ঋণ অনুমোদন দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, ঋণের ২৫ কোটি টাকার মধ্যে ২৪ কোটি টাকা ইউসিবির জেনারেল লেজার হিসাবে এবং ১ কোটি টাকা চলতি হিসাবে স্থানান্তর করা হয়। এরপর বিভিন্ন ব্যাংকে খোলা অ্যাকাউন্টে পে-অর্ডারের মাধ্যমে ওই অর্থ স্থানান্তর করা হয় এবং একপর্যায়ে তা রিভারসাইড এন্টারপ্রাইজের ঋণ পরিশোধে ব্যবহার করা হয়। এ ছাড়া ১ কোটি টাকা নগদে উত্তোলন করেন সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারী মো. ইয়াছিনুর রহমান।
তারপর ঋণের নামে ইউসিবি থেকে ৫৬ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে ২০২৫ সালের ডিসেম্বরে ৮টি মামলা করে দুদক। ব্যাংকটির বিভিন্ন শাখায় ৮টি ভুয়া প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব খুলে ঋণের নামে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক পরিচালক, শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৮৬ জনের বিরুদ্ধে ৮টি পৃথক মামলা দায়ের করা হয়।
দুদকের দেয়া তথ্য মতে, ইউসিবিএলের বিভিন্ন শাখায় এসব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে চকবাজার শাখায় এশিয়া এন্টারপ্রাইজের নামে ৮ কোটি টাকা, মুন এন্টারপ্রাইজের নামে ৭ কোটি টাকা, ইসলাম এন্টারপ্রাইজের নামে ৬ কোটি ৫০ লাখ টাকা এবং সান-সাইন এন্টারপ্রাইজের নামে ৮ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়।
এছাড়া পোর্ট শাখায় আলম এন্টারপ্রাইজের নামে ৪ কোটি ৪০ লাখ টাকা ও জুপিটার এন্টারপ্রাইজের নামে ৯ কোটি টাকা, পাহাড়তলী শাখায় নাজিম অ্যান্ড সন্সের নামে ৯ কোটি ৩০ লাখ টাকা এবং বহদ্দারহাট শাখায় আল-রাজি এন্টারপ্রাইজের নামে ৩ কোটি টাকা।
এরপর, কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকার কারওয়ান বাজার শাখা থেকে ২৩ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ব্যাংকটির দুই এমডিসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমমিশন (দুদক)। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে দুদক তাদের নামে চার্জশিট প্রদান করে।
আর নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মালিকের মধ্যে রয়েছেন- প্রোগ্রেসিভ ট্রেডিংয়ের মালিক ও আরামিট সিমেন্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক ও আরামিটের এজিএম মোঃ আব্দুল আজিজ এবং আরামিট সিমেন্টের পিয়ন মো. ইয়াছিনুর রহমান।
দুদকের দেয়া তথ্য মতে, প্রোগ্রেসিভ ট্রেডিং নামীয় নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কারওয়ান বাজার শাখায় কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই একটি হিসাব খোলা হয়। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হোছাইন চৌধুরী একই প্রক্রিয়ায় ঋণের আবেদনের প্রেক্ষিতে শাখার কর্মকর্তাগণ মিথ্যা তথ্য সম্বলিত পরিদর্শন প্রতিবেদন তৈরি করেন এবং শাখার ক্রেডিট কমিটির সদস্যরা যাচাই ছাড়াই সেই ভুয়া প্রতিবেদনসহ ২৩ কোটি টাকা ঋণের সুপারিশ পাঠান প্রধান কার্যালয়ে। ইউসিবির প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি ঋণ প্রস্তাবে নেতিবাচক পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও ৪২৪ তম পরিচালনা পর্ষদ সভায় ঋণটি অনুমোদন পায়। অর্থাৎ দুর্নীতিপূর্ণ কাগজপত্র ব্যবহার করে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ২৩ কোটি টাকা ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ রশিদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, মূলধন ঘাটতি পূরণ করতেই মূলধন সংগ্রহ করা হচ্ছে।
এএ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত