শাহাব উদ্দীন ওয়াসিম
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬ ১০:৫৬ এএম , আপডেট: আগস্ট ৩, ২০২৬ ৪:২১ পিএম
  • মোট আয়ের ৮০% শতাংশই ১০ ব্যাংকে
  • ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ১৫.৮৪%, কৃষি ব্যাংকে ১১.৩৯%
  • এক ডলারও রেমিট্যান্স আসেনি ৮ ব্যাংকে
  • জুনে শীর্ষে ছিলো কৃষি ব্যাংক

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) প্রবাসীরা বৈধ ব্যাংকিং পথে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার (প্রায় ২৮৬ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহের মধ্যে ব্যাংক খাতের শীর্ষ স্থানটি পুনরুদ্ধার করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। একই সাথে পুরো মাসে দেশে আহরিত মোট প্রবাসী আয়ের চার-পঞ্চমাংশ বা ৭৯.৭৫ শতাংশই এসেছে শীর্ষ ১০টি ব্যাংকের মাধ্যমে। অন্যদিকে দেশের তফসিলি ব্যাংকের তালিকায় থাকা ৮টি ব্যাংক পুরো জুলাই মাসে এক ডলারও রেমিট্যান্স আনতে পারেনি।

আগের বছরের চেয়ে প্রায় ১৫% ও ৫০% প্রবৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের ২০২৪-২৫ অর্থবছরের পুরো জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার (১৯৩.৭৭ মিলিয়ন) ডলার এবং গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। সেই তুলনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। গত বছরের জুলাইয়ের তুলনায় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫.৩৭ শতাংশ এবং দুই বছর আগের (২০২৪) একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ৪৯.৩৭ শতাংশ। এমনকি সদ্য বিদায়ী জুন (২০২৬) মাসের রেকর্ড আহরণকেও (২৮১ কোটি ৯০ লাখ ডলার) ছাড়িয়ে গেছে জুলাইয়ের এই অর্জন।

কৃষি ব্যাংককে টপকে ফের শীর্ষে ইসলামী ব্যাংক

দীর্ঘ ১৮ বছর ধরে রেমিট্যান্স আহরণে একক আধিপত্য ধরে রাখার পর গত জুন (২০২৬) মাসে ব্যাংক খাতের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। জুনে ৪৪ কোটি ১৬ লাখ ডলার এনে প্রথম স্থানে উঠে এসেছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ৩৪ কোটি ৯২ লাখ ডলার নিয়ে দ্বিতীয় ছিল ইসলামী ব্যাংক।

তবে জুলাইয়ের ৩১ দিনের পূর্ণাঙ্গ হিসাবে ইসলামী ব্যাংক মোট ৪৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার (৪৫২.৭৭ মিলিয়ন) ডলার রেমিট্যান্স এনে পুনরায় তাদের হারানো শীর্ষ আসন ফেরত পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংক আহরণ করেছে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার (৩২৫.৫১ মিলিয়ন) ডলার।

শীর্ষ ১০ ব্যাংকের দখলেই ২২৮ কোটি ডলার

জুলাই মাসে আহরিত মোট প্রবাসী আয়ের প্রায় চার-পঞ্চমাংশই এসেছে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই ১০টি ব্যাংকে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ ২২৭ কোটি ৯৭ লাখ ২০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ৭৯.৭৫ শতাংশ। তালিকার শীর্ষে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এককভাবে আহরণ করেছে ৪৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার (১৫.৮৪%)। দ্বিতীয় স্থানে থাকা বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক এনেছে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার (১১.৩৯%)। এর পরপরই ২৭ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার (৯.৪৬%) রেমিট্যান্স পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। তালিকায় চতুর্থ স্থানে থাকা রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি এনেছে ২৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ডলার (৮.৬০%) এবং ২১ কোটি ৫০ লাখ ডলার (৭.৫২%) রেমিট্যান্স নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। পরবর্তী অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি (১২ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার বা ৪.৩৪%), সিটি ব্যাংক পিএলসি (১২ কোটি ৫ লাখ ৬০ হাজার ডলার বা ৪.২২%), ইস্টার্ন ব্যাংক পিএলসি (১০ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার বা ৩.৮২%), ঢাকা ব্যাংক পিএলসি (১০ কোটি ১৮ লাখ ৪০ হাজার ডলার বা ৩.৫৬%) এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি (১০ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার বা ৩.৫১%)।

রেমিট্যান্স শূন্য ৮ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে দেশের ৮টি ব্যাংকে এক ডলারও রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের তালিকায় রয়েছে ২টি—বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের তালিকায় রয়েছে ২টি—আইসিবি ইসলামিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক পিএলসি। এছাড়া বাংলাদেশে পরিচালিত ৪টি বিদেশী বাণিজ্যিক ব্যাংকেও পুরো মাসে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো—ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এএ

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে নতুন নীতিমালা ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান

ফ্রিল্যান্সারদের জন্য পৃথক অধ্যায় যুক্ত সেবা রপ্তানিতে ইএক্সপি ফর্মের বাধ্যবাধকতা নেই ডিজিটাল নথির স্বীকৃতি পেল ...

জানুয়ারি-মার্চ প্রান্তিক টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ

টেকসই প্রকল্পে অর্থায়ন বেড়েছে ১৬,৩১১ কোটি টাকা সবুজ প্রকল্পে অর্থায়ন কমেছে ১,৭৮৪ কোটি টাকা টেকসই ...