জাহাঙ্গীর আলম আনসারী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫ ৪:৩৮ পিএম

# ৪ শতাংশ সুদে ৩ হাজার কোটি টাকা প্রণোদনা ঋণ
# সেপ্টেম্বরেও রেমিট্যান্স আহরণে দ্বিতীয় বিকেবি
# আমানত বেড়েছে ৫ হাজার কোটি
# ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ৫ হাজার কোটি ঋণ

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে ফসল ও শস্য উৎপাদনের ঋণ বিতরণ ও আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। একইসঙ্গে ব্যাংক খাতের বিদ্যমান ১৫-২০ শতাংশ চড়া সুদের স্থলে মাত্র ৪-৫ শতাংশ সস্তা ঋণের মাধ্যমে অন্তত পৌনে ২ লাখ কৃষককে স্বস্তির বার্তা দিয়েছে। আর বিভিন্ন ব্যাংকে আমানত সংগ্রহে ভাটা দেখা দিলেও বাংলাদেশ কৃষি ব্যাংকে জোঁয়ার লক্ষ্য করা গেছে। শুধু গত ২০২৪-২৫ অর্থবছরেই ব্যাংকটির ১ হাজার ৩৮টি শাখা-উপশাখার মাধ্যমে নতুন করে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে ৫ হাজার কোটি টাকা। পাশাপাশি অতীতের ইতিহাস ভেঙ্গে রেমিট্যান্স সংগ্রহে সরকার পরিচালিত বিশেষায়িত ব্যাংকটি চমক সৃষ্টি করেছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিবেদন বলছে, ব্যাংকটি স্বল্প সুদে ঋণ বিতরণ করে সরকারি নীতি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষি ব্যাংকের মাধ্যমে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করা হয়েছে ১ হাজার ৭৫৬ কোটি টাকা। আর গত ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৭৮ হাজার ৩৮৬ জন নতুন কৃষকের মধ্যে ৩ হাজার ১১৬ কোটি টাকার ঋণসুবিধা দেওয়া হয়েছে। যদিও ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণ ছিল ৯ হাজার ৫৬ কোটি টাকা। তার আগে ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ৮ হাজার ৮৯৫ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৫ হাজার ৫৩৫ কোটি টাকা। যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ৪ হাজার ৪৩৩ কোটি টাকা। তবে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে ঋণ বিতরণ করা হয়েছে ৮৯৫ কোটি ৪২ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগের বছরের তুলনায় ২.৬৩ শতাংশ বেশি। কেননা, আগের ২০২৪-২৫ অর্থবছরে এই ঋনের লক্ষ্য ছিল ৩৮ হাজার কোটি টাকা। এ বছর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ১৩ হাজার ৮৮০ কোটি টাকা। এরমধ্যে শুধু কৃষি ব্যাংকেই বরাদ্দ দেয়া হয়েছে ৭ হাজার ৮০০ কোটি টাকা।

বাংলাদেশ কৃষি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির বড় সাফল্য হলো রেমিট্যান্স সংগ্রহ। চলতি বছরের আগস্ট পর্যন্ত কৃষি ব্যাংক ১৯৭ কোটি ৬২ লাখ ডলার ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। যা বাংলাদেশ মৃদ্রায় (১২২ টাকা ধরে) প্রায় ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। সেই হিসাবে কৃষি ব্যাংক প্রবাসী আয় সংগ্রহে তৃতীয়।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তারমধ্যে ৬৯ কোটি ৮৫ লাখ ডলারে প্রথম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আর ২৫ কোটি ৮২ লাখ ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাক। আর ১৭ কোটি ৯ লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বাণিজ্য প্রতিদিনকে বলেন, রেমিট্যান্স সংগ্রহে কৃষি ব্যাংকের বর্তমান অবস্থান আটটি সরকারি ব্যাংকের মধ্যে প্রথম এবং সব ব্যাংকের মধ্যে দ্বিতীয়। মূলত অনলাইনে দ্রুত ও ডিজিটাল সেবা প্রদান করায় প্রবাসী আয় বৃদ্ধির একটি বড় কারণ। এছাড়া বিকেবি দীর্ঘদিনের পরীক্ষিত, শতভাগ নিরাপদ ও আস্থশীল হওয়ায় রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বিকেবির দিকেই ঝুঁকছে প্রবাসীরা।

কৃষি ব্যাংকের তথ্য মতে, করোনা মহামারির কারণে কৃষিতে চলতি মূলধন সরবরাহের জন্য এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৫ হাজার কোটি টাকার ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ গঠন করা হয়। এই স্কিমের আওতায় কৃষি ব্যাংক প্রকৃত চাষি ও খামারিদের মধ্যে গ্রাহক পর্যায়ে শস্য ও ফসল খাতে ৪ শতাংশ সুদে কৃষি ঋণ প্রদান করে। সর্বমোট ছয়টি প্রণোদনা স্কিমের আওতায় ৪ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে কৃষি ব্যাংক গত অর্থবছরে এক লাখ ৭৫ হাজার ১১২ জন কৃষককে ৩ হাজার ৫৪ দশমিক ৯০ কোটি টাকার ঋণসুবিধা দেওয়া হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বাংক কর্তৃক গঠিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ তহবিলের মাধ্যমে গত অর্থ বছরে ৪ হাজার ৯৭৮ জন নারী উদ্যোক্তাকে ৫ শতাংশ সুদ হারে ২৩৫ দশমিক ৬২ কোটি অর্থায়ন করা করেছে বিকেবি। এছাড়াও কৃষি ব্যাংক পরিবেশ বান্ধব উৎপাদন ও সাশ্রয়ী সবুজ গৃহায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে গঠিত ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে মাত্র ৫ শতাংশ সুদে গত অর্থ বছরে ২৫৪ জন নতুন উদ্যোক্তাকে ১০ কোটি টাকা ঋণ সুবিধা দিয়েছে। তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিক খাত কৃষি খাতে সোলার ইরিগেশনের ক্ষেত্রে সুদ হার হচ্ছে মাত্র ৩ শতাংশ।

এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্যা-খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সস্তা ঋণ দরকার। বাংলাদেশ কৃষি ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের কৃষি নীতি বাস্তবায়নে নিরলস চেষ্টা করে যাচ্ছে। অন্যান্য ব্যাংকগুলোর কৃষি ঋণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তানাহরে খাদ্য উৎপাদন কমবে। পণ্যের সরবরাহ সংকুচিত হবে। মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে আরও চেপে বসবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...

ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে আর্থিক সেবা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মানুষের সেবা ...

বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা ...