অন্তর্বর্তী সরকারের এক বছরে পুঁজিবাজার
সংস্কারে বছর পার, দৃশ্যমান ফলাফলের অপেক্ষা


গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দ্বায়িত্ব গ্রহণের পর এক বছর অতিক্রম করেছে অন্তর্বর্তী সরকার। সেবছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের অধীন উপদেষ্টা পরিষদ দ্বায়িত্ব গ্রহণের পর থেকেই নানা দিকে থেকে আলোচিত সমালোচিত ছিল। দ্বায়িত্ব গ্রহণের পরই সকল পর্যায়ে সংস্কারের কার্যক্রম হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে আর্থিক খাত বিশেষত পুঁজিবাজারেও শুরু হয় সংস্কার কার্যক্রম। তবে সংস্কার কার্যক্রমে পুরো সময় অতিবাহিত হলেও দৃশ্যমান উন্নতি সাধিত হয়নি। এজন্য অপেক্ষা করতে হবে সংস্কার বাস্তবায়নের জন্য।
নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠন
গতবছরের ৫ আগস্টে আওয়ামীলীগ সরকারের পতনের পর একে একে পদত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা। সেবছরের ১০ আগস্ট তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরে ১২ আগস্ট পদগত্যাগ করেন অপর দুই কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। তবে আরেক কমিশনার মোহসিন চৌধুরী পদত্যাগ করেননি। ১০ আগস্ট থেকে চেয়ারম্যানরা পদত্যাগ করলেও কার্যত ৫ আগস্টের পর থেকেই অভিভাবকহীন ছিল বিএসইসি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর ১৩ আগস্ট বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সখ্যতার অভিযোগ তুলে তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন মহল। পরে তিনি নিজেই যোগদানে অপরাগতা জানান। এরপর ১৮ আগস্ট নতুন করে নিয়োগ দেয়া হয় সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে। এর আগে তিনি বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। এরপর ২৮ আগস্ট সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আলী আকবর ও ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ফারজানা লালারুখ কমিশনার হিসেবে নিয়োগ পান। সর্বশেষ এ বছরের ২৯ জুলাই আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুদ্দিনকে কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
ডিএসই পরিচালনা পর্ষদ পুনর্গঠন
চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ পাওয়ার পর বিএসইসির প্রথম কাজ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। এ লক্ষে গতবছরের ১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মালদ্বীপ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক মো. কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগের অধ্যাপক ও সিরডাপের গবেষণা পরিচালক মো. হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করীম ও বাংলাদেশ ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইটের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া।
তবে ডিএসইর পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়ে ডিএসইর অংশীজন ও বিএসইসির মধ্যে বিতর্ক দেখা দেয়। নিয়োগপ্রাপ্ত ৭ জন স্বাধীন পরিচালকের মধ্যে ২ জনের নিয়োগ নিয়ে এই বিতর্ক দেখা দেয়। সেইসাথে ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন বা ডিবিএর পক্ষ থেকেও নতুন নিয়োগ পাওয়া কয়েকজন স্বতন্ত্র পরিচালকের বিষয়ে আপত্তি তোলা হয়। ফলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে দুই সংস্থার মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। ডিএসই রেগুলেশনস ও ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী তিন বছরের মধ্যে ব্রোকারেজ হাউসের সঙ্গে সম্পৃক্ত কেউ স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। কোনো নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কর্মীও ডিএসইর স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। তবে মাজেদুর রহমান ও হেলালউদ্দিন সেসময় থেকে বিগত তিন বছরের মধ্যে ডিএসইর ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন আর এফআইডির অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে কর্মরত হওয়ায় তার নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দেয়। পরে এই দুইজন দ্বায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেন। বিএসইসি নতুন করে দুইজনকে নিয়োগ দিলে তারাও এই দ্বায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেন। পরে ১৯ সেপ্টেম্বর ক্লিনক অ্যাডভাইসরির প্রতিষ্ঠাতা এবং আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোমিনুল ইসলাম এবং ফিন্স অ্যালাইয়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডভাইসরি অ্যান্ড কনসালটেন্সির সিইও ও চিফ কনসালট্যান্ট এবং ওয়েলস ফার্গো ব্যাংক বাংলাদেশের সাবেক কান্ট্রি ম্যানেজার শাহনাজ সুলতানাকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। পরে ৩ অক্টোবর পুনর্গঠিত পর্ষদের প্রথম সভায় স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে ডিএসইর চেয়ারম্যান নির্বাচিত হন মমিনুল ইসলাম।
পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্স ও ফোকাস গ্রুপ গঠন
গতবছরের ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিনকে নিয়ে ৫ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের কাজের জন্য ১৭টি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়।
পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতায় ফোকাস গ্রুপ গঠন করে বিএসইসি। ১০ সদস্যের এই গ্রুপে সদস্যরা হলেন-ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, সিএফএ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি এবং সিইও মো. মনিরুজ্জামান, সিএফএ, ইডিজিই এএমসি প্রতিষ্ঠাতা ও সিইও আলী ইমাম, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. আশিকুর রহমান, এ কে খান সিকিউরিটিজ লিমিটেডের সিইও মুহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ক্যাল বাংলাদেশের এমডি ও কান্ট্রি হেড অ্যান্ড্রু দেশন পুষ্পরাজাহ, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) জিএম ও সিটিও (ভারপ্রাপ্ত) এম ইমাম হোসেন, আহমেদ শেখ রায় অ্যান্ড কোং এর পার্টনার শেখ তারেক জহির, আহমেদ হক সিদ্দিকী অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার মো. ওয়াদুদ আহমেদ এবং আইসিএবির সদস্য দীপক কুমার রায়।
ধারাবাহিক জরিমানা, বিএসইসিতে অস্থিরতা
নতুন কমিশন দ্বায়িত্ব নিয়েই ধারাবাহিকভাবে জরিমানা আরোপ করা শুরু করে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। ধারাবাহিকভাবে পড়তে থাকে সূচক এবং বাজারে দেখা দেয় মন্দা। সেইসাথে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও তৈরি হয় অস্থিরতা।
গত ৪ মার্চ নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে এই অস্থিরতা সৃষ্টি হয়। চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে আন্দোলনে যান বিএসইসির কর্মকর্তা কর্মচারিরা। ৫ মার্চ বিভিন্ন দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের কক্ষের বাইরে অবস্থান নিলে এক নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে সেনাবাহিনী এসে কমিশনার ও চেয়ারম্যানকে বের করে নিয়ে যায়। পরের দিন ৬ মার্চ বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। পরে ৯ মার্চ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেন কর্মকর্তা কর্মচারীরা। এ ঘটনার জেরে চলতি বছরের ২৯ এপ্রিল ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিএসইসি।
বন্ধ আইপিও সরবরাহ
আন্তর্বর্তী সরকারের দ্বায়িত্বকালীন পুরো সময়ে পুঁজিবাজারে নতুন কোন আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব আসেনি। অথচ নতুন কোম্পানির তালিকাভুক্তি বাজারের পরিধি ও কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কোম্পানিগুলো আইপিও’র মাধ্যমেই পুঁজিবাজারে প্রবেশ করে।
পুঁজিবাজারে সর্বশেষ আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হয় টেকনো ড্রাগস। ২০২৪ সালের ২৫ মার্চ বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের জন্য আইপিও অনুমোদন পায় টেকনো ড্রাগস। আর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ফিক্সড প্রাইস পদ্ধিতে সর্বশেষ আইপিও পায় এনআরবি ব্যাংক। এরপর আর কোনো কোম্পানির আইপিও অনুমোদন হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আইপিও আসলে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয় এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করে। এর ফলে বাজারে বৈচিত্র্যতা আসে এবং বাজারে তারল্য বৃদ্ধি পায়। এতে বাজারের সামগ্রিক কার্যক্রম গতিশীল হয় ও সার্বিক অর্থনীতি গতিশীল করতে সহায়তা করে।
বিশ্লেষকরা বলছেন, আইপিও সরবরাহে প্রধান সমস্যা বিদ্যমান আইপিও প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। তারা বলছেন, ভ্যালুয়েশন চেঞ্জ করতে হবে প্রাইসিং চেঞ্জ করতে হবে প্রসেস টাইম কমাতে হবে। এসবই বিএসইসির কাজ। এগুলো করলেই বাজারে আইপিও আসা শুরু হবে। তবে বিএসইসি বলছে, পুঁজিবাজারের উন্নয়নে গঠিত টাস্কফোর্স পাবলিক ইস্যু রুলস নিয়ে কাজ করেছে। তারা চুড়ান্ত সুপারিশও জমা দিয়েছে।
পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা
পুঁজিবাজারে ধারাবাহিক পতনের কারণে এ বছরের ১১ মে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে জরুরী বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন তিনি। নির্দেশনাগুলো হলো: ১. দেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ২. গত ২০-৩০ বছরে দেশের বেসরকারি খাতে যেসব ভালো ও বড় বড় কোম্পানি গড়ে উঠেছে, সেগুলোকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ নেওয়া। ৩. বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। ৪. পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। ৫. বড় বড় কোম্পানি যাতে ব্যাংকঋণ নেওয়ার বদলে পুঁজিবাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
বাজার পরিস্থিতি
গত বছরের ৮ আগস্ট ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৯২৪ পয়েন্ট ৮১। সেসময় বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা। গত মে মাসে প্রধান মূল্যসূচক প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনি¤œ অর্থাৎ ৪ হাজার ৬৭৮ পয়েন্টে পৌঁছায়। আর জুন মাসে লেনদেন ২৫০ কোটি টাকারও কমে নেমে যায়। তবে সম্প্রতি বাজারে দেখা যায় বুলিশ ট্রেন্ড। সর্বশেষ বুধবারের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। ডিএসইএস ১ হাজার ১৭৭ পয়েন্টে আর ডিএস৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে। বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৯ হাজার ৮১৯ কোটি ৫৮ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসেও লেনদেন ছিল ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকা।
ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর
অন্তর্বর্তী সরকারের এক বছরে পুঁজিবাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হলেও এর প্রভাব এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। পুঁজিবাজারের উন্নয়নে গঠিত টাস্কফোর্স কয়েকটি বিষয়ে চুড়ান্ত মতামত বিএসইসির নিকট হস্তান্তর করেছে। তবে সেগুলোর মধ্যে একটিও আইনি ধাপ অতিক্রম করে গেজেট আকারে প্রকাশিত হয়নি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আমলে পুঁজিবাজারে নতুন আইপিও সরবরাহ হয়নি। এই আইপিও সরবরাহ নির্ভর করছে আইপিও প্রক্রিয়া সংশোধনের ওপরে। আইপিও সংক্রান্ত পাবলিক ইস্যু রুলসও গেজেট আকারে আসেনি। সংশ্লিষ্টরা বলছেন সংস্কার কার্যক্রমের ফলাফল দৃশ্যমান হতে অপেক্ষা করতে হবে আর কয়েক বছর।
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য আল আমিন বাণিজ্য প্রতিদিনকে বলেন, গত ৩০ শে জুন আমাদের যতগুলো বিষয় ছিল সব বিষয়ে সুপারিশ জমা দিয়েছি। এর মধ্যে ৩ টা আইন আকারে গেছে বাকিগুলোর মধ্যে যেগুলো কমিশন প্রয়োজন মনে করে তারা বাস্তবায়ন করবে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম বাণিজ্য প্রতিদিনকে জানান, টাস্কফোর্স যেসব সুপারিশ দিয়েছেন সেগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছি। মার্জিন রুল ইতোমধ্যেই পাবলিক অপিনিয়নের জন্য দিয়ে দিয়েছি। মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন হয়ে গিয়েছে, এটাও পাবলিক অপিনিয়নে যাবে। এরপরে পাবলিক ইস্যু রুলস অনুমোদন হলে এটাও পাবলিক অপিনিয়নে যাবে।
টাস্কফোর্সের অন্যান্য সুপারিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য সুপারিশগুলোও অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়ন করে ফেলব।
বিএইচ
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত