জাহাঙ্গীর আলম আনসারী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫ ১:০৩ পিএম , আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫ ১:০৮ পিএম
  • একদিনে ইস্তফা ও পুনঃনিয়োগ, পাঁচ পদোন্নতি
  • অভিজ্ঞতা ছাড়াই এসইও-এসএভিপি পদে নিয়োগ
  • মানা হয়নি বয়সসীমা
  • নিরীক্ষায় অনিয়ম প্রমাণ, তবু বহাল

নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির জুনিয়র পর্যায়ের ৫৫০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হলেও, একই অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তিনি হলেন—ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) কাজী কাজী শাহেদ জামিল; যিনি নিয়োগ, ইস্তফা ও পুনঃনিয়োগে অভিনব ও চাঞ্চল্যকর জালিয়াতির মাধ্যমে পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০২১ সালে চট্টগ্রামের একটি প্রভাবশালী শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি তাঁরই শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী শাহেদ জামিলকে (আইডি নং–০০৭৫৫০) চাকরিবিধির নিয়ম-কানুন উপেক্ষা করে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পদে ব্যাংকে নিয়োগ দেন।

অভিযোগ রয়েছে, চাকরিবিধির কোনো নিয়ম অনুসরণ না করেই ওই চেয়ারম্যানের অধীনেই চাকরিচ্যুত ৫৫০ জন কর্মকর্তাকে ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। আর এই নিয়োগ বাছাই প্রক্রিয়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কাজী শাহেদ জামিল।

তিনি ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে তাকে চেয়ারম্যান সেক্রেটারিয়েট থেকে রিটেইল ডিভিশনে এবং পরবর্তীতে গত ৬ অক্টোবর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে বদলি করা হয়। যদিও ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তথাপি অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাজী শাহেদ জামিলের মোবাইল নম্বর সংগ্রহের জন্য ব্যাংকটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা জালাল আহমেদ–এর মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি প্রথমে বলেন, “দেখতেছি।” পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

নিরীক্ষায় ধরা পড়ে নিয়োগে গুরুতর অনিয়ম

এই সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদনের সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগের একটি পত্রের প্রেক্ষিতে ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের আরেকটি পত্রের মাধ্যমে উক্ত বিষয়ে নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কাজী শাহেদ জামিলের কোনো প্রকার ব্যাংকিং অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে তাকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্র পাওয়ার পর তিনি ২০২১ সালের ১৯ আগস্ট ব্যাংকের মানব সম্পদ বিভাগে যোগদান করেন। একই দিনেই তাকে মানব সম্পদ বিভাগ থেকে ই-আইডি নং ০০৫৭৮১ প্রদান করে চেয়ারম্যান সচিবালয়ে ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে বদলি করা হয়।

সার্ভিস রুলস লঙ্ঘন করে এসইও পদে নিয়োগ

নিরীক্ষা ও পরিদর্শনে দেখা যায়, ব্যাংকের এমপ্লয়েজ সার্ভিস রুলস ১৯৯৫ (সংশোধিত ২০২০) এর ২.১৭.৩ ধারার ১২ ক্রমিক অনুযায়ী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম তিন বছরের ব্যাংকিং অভিজ্ঞতা (এর মধ্যে দুই বছর এক্সিকিউটিভ অফিসার বা সমমর্যাদার পদে) থাকতে হবে এবং বয়স ৩৩ বছরের বেশি হতে পারবে না।

কিন্তু মানব সম্পদ বিভাগে সংরক্ষিত কাজী শাহেদ জামিলের ব্যক্তিগত ফাইল অনুযায়ী, তিনি পূর্বে কেডিএস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৫ বছর চাকরি করলেও ব্যাংকে চাকরির কোনো অভিজ্ঞতা ছিল না। অন্যদিকে চাকরিতে যোগদানের সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ২৪ দিন।

অর্থাৎ, কোনো ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়াই এবং বয়সসীমা অতিক্রম করে তাকে এসইও পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা এমপ্লয়েজ সার্ভিস রুলসের সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া সার্ভিস রুলসের ২.৬.৭ ধারার ১০ অনুযায়ী যোগদানের সময় যে সকল সার্টিফিকেটের মূল কপি বা সত্যায়িত কপি জমা দেওয়ার বিধান রয়েছে, তার সবকিছুই তিনি জমা দেননি বলেও নিরীক্ষায় উঠে আসে।

একদিনে ইস্তফা ও পুনঃনিয়োগ

পরবর্তীতে ২০২৩ সালে কাজী শাহেদ জামিলকে এসইও পদ থেকে চারটি গ্রেড অতিক্রম করে সরাসরি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) পদে উন্নীত করা হয়, যা কার্যত একসঙ্গে পাঁচটি পদোন্নতি। একজন কর্মকর্তাকে একসঙ্গে পাঁচটি পদোন্নতি দেওয়া বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে বিরল, নজিরবিহীন ও বৈষম্যমূলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই পদোন্নতির জন্য তিনি আরও একটি অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি এসইও পদ থেকে ইস্তফা দিয়ে একই দিনে এসএভিপি পদে পুনরায় যোগদান করেন।

কাজী শাহেদ জামিল ২০২১ সালের ১৯ আগস্ট এসইও পদে যোগদানের ১ বছর ৮ মাস ২৮ দিন পর, অর্থাৎ ২০২৩ সালের ১৭ মে মানব সম্পদ বিভাগে ইস্তফা পত্র দাখিল করেন। মানব সম্পদ বিভাগ ওই দিনই ইস্তফা পত্র গ্রহণ করে এবং একই দিনে তাকে ব্যাংকের চাকরি থেকে অব্যাহতি (রিলিজ) প্রদান করে। অথচ সেই দিনেই তাকে নতুন ইআইডি নং ০০৭৫৫০ দিয়ে ৭টি ইনক্রিমেন্টসহ এসএভিপি পদে নিয়োগ দেওয়া হয়।

নোটিশ ও অর্থ না দিয়েই ইস্তফা

এমপ্লয়েজ সার্ভিস রুলস ১৯৯৫ (সংশোধিত ২০২০) এর ৭.২.১ অনুযায়ী, চাকরি থেকে পদত্যাগের ক্ষেত্রে ৩ মাসের নোটিশ বা ৩ মাসের মূল বেতন (প্রায় ১ লাখ টাকা) জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা জমা দেননি কিংবা ব্যবস্থাপনা পরিচালকের কাছে মওকুফের আবেদনও করেননি।

অন্যদিকে মানব সম্পদ বিভাগও ওই অর্থ আদায় না করেই ইস্তফা গ্রহণ, চাকরি থেকে অব্যাহতি এবং এমনকি সার্ভিস বেনিফিট প্রদান করেছে—যা সার্ভিস রুলসের সরাসরি লঙ্ঘন।

অভিজ্ঞতা ও বোর্ড অনুমোদন ছাড়াই এসএভিপি নিয়োগ

সার্ভিস রুলসের ২.১৭.৩ ধারার ৭ ক্রমিক অনুযায়ী, এসএভিপি পদে নিয়োগের জন্য ১২ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা (এর মধ্যে নির্দিষ্ট মেয়াদের উচ্চপদে অভিজ্ঞতা) প্রয়োজন হলেও কাজী শাহেদ জামিলের অভিজ্ঞতা ছিল মাত্র ১ বছর ৮ মাস ২৮ দিন।
এছাড়া সার্ভিস রুলসের ১৩.৩ অনুযায়ী বোর্ডের অনুমোদন ছাড়াই তাকে ৭টি ইনক্রিমেন্টসহ এসএভিপি পদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের নীরবতা

এ বিষয়ে জানতে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লাহ খান-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর তিনি বলেন, “আমি আপনাকে চিনি না, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।”

এছাড়া ব্যাংকটির তৎকালীন ডিএমডি এবং বর্তমানে ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ-এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বিষয়টি জানিয়ে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

এএ

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানেও ‘এক্সিট’ সুবিধা

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানেও (ফাইন্যান্স কোম্পানি) খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন আবেদুর রহমান

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান ...

পুরনো মালিকদের হাতে আল-আরাফাহ ব্যাংক ফিরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ...

সন্দেহজনক লেনদেন ৭৪ শতাংশ বেড়েছে, ৯৫ শতাংশ‌ই ব্যাংকের মাধ্যমে

দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনের নজরদারি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ...