ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬ ১১:১০ পিএম , আপডেট: এপ্রিল ৯, ২০২৬ ৬:০৭ পিএম

বাংলাদেশে বীমা খাত সম্ভাবনার স্রোত নিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বাস্তবতা তার পথ বন্ধ করে রেখেছে। দেশের ৮২টি বীমা কোম্পানি থাকা সত্ত্বেও জিডিপিতে বীমার অবদান মাত্র ০.৪%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। গ্রামীণ মানুষ থেকে শহরের সাধারণ জনগণ পর্যন্ত বীমার আওতায় নেই, জনসচেতনতা কম, এবং দক্ষ জনবলও সীমিত। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বীমা খাত আজও তার বাস্তব শক্তি উন্মোচন করতে পারছে না – লাভের সঙ্গে মানুষের নিরাপত্তা যে বাধ্যতামূলকভাবে সংযুক্ত, সেই চাবিকাঠি এখনো হাতছাড়া।

দেশের বিমা খাতের সার্বিক অবস্থা নিয়ে বাণিজ্য প্রতিদিন সাক্ষাৎকার নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ-এর। দুই পর্বের সাক্ষাৎকারের আজ পড়ুন প্রথম পর্ব।

বাণিজ্য প্রতিদিনঃ বাংলাদেশের বীমা খাতের যে সামগ্রিক অবস্থা, এই সামগ্রিক অবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করছেন?

শহিদুল ইসলাম জাহিদঃ দেখুন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি পিলার বা স্তম্ভ হলো বীমা খাত। যেকোনো দেশেই মূলত চারটি খাতকে অর্থনীতির প্রধান স্তম্ভ ধরে নেওয়া হয়। প্রথমটা হচ্ছে পুঁজিবাজার, দ্বিতীয়টা মানি মার্কেট অর্থাৎ ব্যাংকিং সেক্টর, তৃতীয়টা বন্ড মার্কেট এবং চতুর্থটা হচ্ছে ইনস্যুরেন্স তথা বীমা সেক্টর।

আমরা বাংলাদেশের বীমা খাত নিয়ে যদি নির্মোহভাবে আলোচনা করতে চাই, বীমা খাতের অবস্থান খুব বেশি ভালো নয়। অন্যান্য দেশে বা উন্নত দেশে অর্থনীতিতে জিডিপিতে বীমা খাতের অবদান যেখানে গড়ে ৮ থেকে ১০ শতাংশ, বাংলাদেশে এটা শুধু ০.৪ শতাংশ। জিডিপিতে বীমা খাতের যে অবদান, এটা শুধু একটি পরিসংখ্যান দিয়েই বোঝানো সম্ভব। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে সমসাময়িক বা কাছাকাছি দেশের, এমনকি প্রতিবেশী দেশগুলোতে, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের জিডিপিতে বীমা খাতের যে অবদান, এটি সর্বনিম্ন।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভারতের মতো একটি দেশে বীমার যে ইন্ডাস্ট্রি, সেখানে কোম্পানির সংখ্যা আমাদের চেয়ে অনেক কম। আমাদের দেশে এই মুহূর্তে প্রায় ৮২টি ইনস্যুরেন্স কোম্পানি কাজ করছে। এখানে সাধারণ বীমা, জীবন বীমা, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যে বীমা কোম্পানি তৈরি করেছেন, তার মধ্যে জীবন বীমাও আছে এবং নন-লাইফ বা সাধারণ ঘরোনার বীমা শিল্পও রয়েছে।

কিন্তু এত বেশি সংখ্যক কোম্পানি থাকার পরও আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এত কম, এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে হতে পারে যে এত বেশি সংখ্যক কোম্পানি হয়তো সেগমেন্টেড কাস্টমারদের নিশ মার্কেটিং করছে। যদি আমরা বলি, হয়তো তারা সুনির্দিষ্টভাবে বাছাই করা কিছু কাস্টমার বা বিজনেসের উপরই ব্যবসা করছে।

এ দেশের আপামর মানুষকে যে বীমা শিল্পের আওতায় নিয়ে আসতে হবে, এমন প্রয়োজনীয় একটি সেবা, যা ঝুঁকি ব্যবস্থাপনা করে। ফলে এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান হলো এই বীমা খাতের কোম্পানিগুলো।
কিন্তু এতগুলো কোম্পানি থাকার পরও যখন আমরা দেখি কাভারেজ কম, পেনিট্রেশন কম এবং প্রিমিয়াম রেট তুলনামূলক কম-বেশি, তখন দেশের মানুষ বীমা খাতের প্রতি খুব বেশি আস্থাশীল নয়। স্বাভাবিকভাবে এটি খুব বেশি আশা জাগানো কোনো তথ্য বা ইনফরমেশন নয়।

বাণিজ্য প্রতিদিনঃ এত সম্ভাবনা থাকার পরেও বীমা খাতের প্রতি মানুষের আগ্রহ নেই। এটার পেছনের কারণটা আপনি কী মনে করছেন?

শহিদুল ইসলাম জাহিদঃ এখানে আসলে একটি বাজার ব্যর্থতা আমরা বলতে পারি। কারণ বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে বিলং করে। আমরা যেখানে ধরেই নিই যে চাহিদার সাথে আমার যোগানটা নিরূপিত হবে। এই বীমা খাতের যে অদক্ষতা, অব্যবস্থাপনা বা দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্যতা, তা মূলত দুই দিক থেকে। প্রথমত, সাপ্লাই সাইডে কিছু কারণ আছে। দ্বিতীয়ত, ডিমান্ড সাইডে কিছু কারণ আছে।

সাপ্লাই সাইডের কথা যদি আমরা বলি, এখানে সাপ্লাই সাইড কারা দিচ্ছে? এই বাজারের এই সেবাটা সরবরাহ করেন মূলত কোম্পানিগুলো। এখন এই কোম্পানিগুলোকে দেখভাল করার জন্য রেগুলেটরি প্রতিষ্ঠান আছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশে ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) আছে।

সুতরাং, যদি সাপ্লাই সাইডের ক্ষেত্রে ব্যর্থতার কথা আমরা চিন্তা করি বা ব্যর্থতা না বলি, কারণের কথা যদি বলি, কাভারেজটা এত কম হওয়ার কারণটা, সেক্ষেত্রে এদের মানসিকতা বা তাদের ইচ্ছা প্রশ্নাতীত। আমার কাছে যেটা মনে হয়, তারা কি চান যে সারাদেশের মানুষ এই বীমা শিল্পের ভিতরে আসুক?

দেখুন, এখানে সেগমেন্টেড কাস্টমারের কথা যদি আমরা বলি, দেশের আপামর জনসাধারণকে যদি আমরা বীমা শিল্পের আওতায় নিয়ে আসতে চাই, যেমন ধরুন—একজন জেলে, কামার, কুমার, মজদুর, কৃষক, তাদেরকে যদি নিয়ে আসি, তারা কিন্তু খুব বেশি প্রফিটেবল কাস্টমার হবে না। নৌকা ডুবে হয়তো একজন জেলে বা মাঝি মারা যেতে পারেন। তার জীবন ঝুঁকির মধ্যে। বাংলাদেশ নদীমাত্রিক দেশ। ঝড়-ঝঞ্ঝা, নানা ধরনের ঝুঁকি আছে। এই ঝুঁকিগুলোর মধ্যে তারা পড়েন, জীবনহানি হয়, পরিবার হয়তো পথে বসে।

কিন্তু ওই ব্যক্তিটাকেও যদি আমরা ইনস্যুরেন্সের আওতায় নিয়ে আসতে চাই, প্রশ্ন থাকবে, কোন কোম্পানি কভার দেবে? কারণ ওই ব্যক্তি তার চাহিদা মোতাবেক প্রিমিয়াম দিতে পারবে না। আবার একজন কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়—খরা, বন্যা, ঝড়-বৃষ্টি বেশি বা কম। ওই কৃষককে যদি ইনস্যুরেন্স সেবার আওতায় আনি, পলিসি হোল্ডার করতে চাই, তাহলে তাকে প্রিমিয়াম দিতে হবে।

এ বেসরকারি ঘরোনার এত বেশি সংখ্যক প্রতিষ্ঠান থাকলেও, এই প্রতিষ্ঠানসমূহ শুধু লাভজনক কাস্টমারকেই নির্বাচন করছে।
এখন, যদি ইনস্যুরেন্স ব্যবসায় কেউ অতিমাত্রায় লাভের মনোভাব রাখে, তাহলে ইনস্যুরেন্স সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব নয় (নাম্বার ওয়ান)।

(নাম্বার টু) যেটা সেটা হচ্ছে, যে রেগুলেটরি প্রতিষ্ঠান আছে, ২০১০ সালে যে আইনটি পাশ হলো, তারপর থেকে তা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কারণ, তাদের দক্ষ জনবল নেই। আইডিআরএ এমন একটি প্রতিষ্ঠান যাদের সুনির্দিষ্ট কোন বাজেটও দেওয়া হয় না। কোম্পানিগুলো থেকে তারা সাবস্ক্রিপশন পায়, এবং সেটাই তাদের মূল আয়।

তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। যাদেরকে আমি রেগুলেট করব, তাদের কাছ থেকে যদি বাজেটরি সহায়তা নিই, তাহলে আমি তাদের উপর খুব বেশি মাত্রায় কন্ট্রোল করতে পারব না। এখানে স্বার্থের একটি দ্বন্দ্ব সুস্পষ্ট।

এছাড়া, সময়ের সাথে নিয়মগুলো যুগোপযোগী করা, বাজারের সাথে তুলনা করে বিদেশি উন্নত দেশের রেগুলেশন অনুযায়ী মানিয়ে নেওয়া প্রয়োজন। আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে বিজনেস সংকুচিত করা হয়েছে। যেমন, কিছুদিন আগেও বাংলাদেশে অটোমোবাইল ইনস্যুরেন্স বাধ্যতামূলক ছিল। পরে রেগুলেশন পরিবর্তন করে বলা হলো, অটোমোবাইল ইনস্যুরেন্স বাধ্যতামূলক নয়। এটি বাতিল করা হয়েছে।

তাহলে ভাবুন, কোথায় রেগুলেটরি অথরিটি বা সরকারের পক্ষ থেকে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা বা বাজার বিস্তৃত করা, সর্বজনীন ইনস্যুরেন্স কাভারেজ নিশ্চিত করা। যখন এটা বাতিল হলো, লক্ষ লক্ষ মানুষ গাড়ি মালিক হলো, কিন্তু ইনস্যুরেন্স কভারেজ থেকে তারা চলে গেল। ইনস্যুরেন্স ব্যবসা সংকুচিত হলো। আমার মনে হয়, এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ব্যর্থতাও আছে।

ইনস্টিটিউশনাল কিছু ঘাটতি আছে, দক্ষতার কিছু ঘাটতি আছে। যেমন, সুদক্ষ জনবল তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি বা বেসরকারি উদ্যোগে এমন কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, যারা নিবেদিতপ্রাণভাবে ইনস্যুরেন্সের দক্ষ জনবল সৃষ্টির জন্য কাজ করবে।

আপনাকে একটা তথ্য দেই—ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগে ইনস্যুরেন্স টিমে ছেলেমেয়েদেরকে জোর করেও বলা যায় না যে তুমি ইনস্যুরেন্স পড়বে, এখানে গ্রাজুয়েট হবে এবং পরে ইনস্যুরেন্স সেক্টরে ভালো চাকরি করবে। তারা এটিকে বিশ্বাসই করছে না। আমরা বাধ্য হয়েছি ইনস্যুরেন্স টিম বন্ধ করতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের উদ্যোগে আমরা ‘একচুয়িয়াল সায়েন্স বা মাস্টার্স ইন রিস্ক ম্যানেজমেন্ট’ প্রোগ্রাম চালু করেছিলাম। আমরা সেখানে ছাত্র-ছাত্রী পাইনি। পরে প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছি। সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজেও ইনস্যুরেন্সে গ্রাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি নেওয়া শিক্ষার্থী পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, এত বেশি বেকারত্বের দেশে, বেকার জনসংখ্যা কেন ইনস্যুরেন্স নিয়ে পড়তে চায় না? কারণ আমরা তাদের সামনে বড় ছবি দেখাতে ব্যর্থ হচ্ছি—তুমি এখান থেকে পড়াশোনা করে ব্যাংকিং, ফিনান্স, একাউন্টিং, অর্থনীতিতে চাকরি পেতে পারবে।

একজন ব্যাংকিং পড়ুয়া ছেলে বা মেয়ে দেখে, বাংলাদেশে অনেক ব্যাংকিং কোম্পানি আছে। পড়াশোনা শেষে ব্যাংকে গেলে ৫০-৭০ হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবে। তাই সে উৎসাহিত হয়। কিন্তু আমাদের এই ইয়াং জনগোষ্ঠীকে মোটিভেট করতে পারছি না। আমরা কোম্পানি, রেগুলেটরি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে এ ধরনের সুনির্দিষ্ট উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছি, যাতে তারা উদ্বুদ্ধ হয়, ইনস্যুরেন্স পড়ে ইনস্যুরেন্স শিল্পের সাথে যুক্ত হয়।

এরা না এলে, ইনস্যুরেন্স সেক্টরে যে জনবল দরকার, তা কোথা থেকে আসবে? অনেকেই সাধারণ পড়াশোনা করে, এসএসসি, ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পাশ করে, স্পেশালাইজড নলেজ না নিয়ে কোম্পানিতে জয়েন করছে। তারা কোম্পানির জন্য কার্যকর নয়, শিল্পের বিকাশে ভূমিকা রাখতে পারছে না।

আরেকটি বিষয় হালকা করে বলি—ডিমান্ড সাইডে, ইনস্যুরেন্স কেন জরুরি? যেমন অগ্নিবীমা, নৌবীমা, মোটর ইনস্যুরেন্স, লাইফ ইনস্যুরেন্স। সম্ভাব্য কাস্টমারকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, ইনস্যুরেন্স করলে কী সুবিধা হবে, না করলে কত বড় ঝুঁকির মধ্যে থাকবেন।

যদি এই কস্ট-বেনিফিট বিশ্লেষণ দেশের মানুষের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা যেত, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া যেত, তখন তারা উদ্বুদ্ধ হতেন এবং ইনস্যুরেন্স শিল্প ভাইব্রেন্ট (প্রাণবন্ত) শিল্পে রূপান্তরিত হতে পারত।

বাণিজ্য প্রতিদিনঃ এই সচেতনতা বৃদ্ধির জন্য আসলে কার এগিয়ে আসা উচিত? সরকার নাকি প্রাইভেট সেক্টর?

শহিদুল ইসলাম জাহিদঃ আমাদের ডেভেলপিং কান্ট্রি তথা বাংলাদেশ বা অপরাপর এইরকম সম্ভাবনাময় দেশগুলো আছে। এখানে দেখুন, আমাদের ছোট্ট একটি দেশ, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। অর্থনীতির সাইজ ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার একটা টার্গেটও দিয়েছেন যে, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে আমরা রূপান্তরিত হতে চাই।

সুতরাং, এই ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরিত হতে গেলে সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদ যখন বৃদ্ধি পাবে, আপনার ঝুঁকিও বৃদ্ধি পাবে। আর ঝুঁকিটা যদি বৃদ্ধি পায়, আপনি কি চান—এক কোটি টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনেছেন, সেই গাড়িটা কোন কারণে ক্ষতিগ্রস্ত হোক? ক্ষতিগ্রস্ত হতেই পারে, গাড়ি চালালে ক্ষতি হবে। কিন্তু সেই ঝুঁকিটা কাভার করার জন্য আপনি ইনস্যুরেন্স নেবেন।
আপনি একটা বাড়ি করেছেন, একটা জমি কিনেছেন, একটা কারখানা করেছেন। এই যে বিভিন্ন পদ আমদানি-রপ্তানি করবেন, এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ইনস্যুরেন্সের সহযোগিতা খুব বেশি মাত্রায় দরকার। সুতরাং, সরকারি উদ্যোগেই সাধারণত প্রাথমিক উদ্যোগটা সরকারের পক্ষ থেকে আসতে পারে।

তবে এখানে আমরা আশাবাদী। বর্তমান সরকার, বিশেষ করে বিএনপি মূলত ১৯৯২ সালে যখন ক্ষমতায় আসলো, ৯১ সালের ইলেকশনের পরে, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তৎপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা বাংলাদেশে প্রাইভেটাইজেশনের উদ্যোক্তাদের মধ্যে সর্বপ্রথম। যদি নাম নিতে হয়, তাদের নাম নিতে হবে। গার্মেন্টস শিল্প, যা প্রাইভেটাইজেশনের সূচনা করেছে। ব্যাংক, বীমা বা অন্যান্য সেক্টরও বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে।

সুতরাং, মাননীয় প্রধানমন্ত্রী (তারেক রহমান) যদি উনার বাবা এবং মায়ের দেখানো পথটি এগিয়ে নিতে চান, সরকারি উদ্যোগে যদি তিনি কিক শুরু করেন, আমার কাছে মনে হয় বেসরকারি উদ্যোগে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, অনেক শিল্পপতি, ব্যক্তিবর্গ এবং উৎসাহী মানুষ আছেন। আমরা ইভেন কাজ করতে বা সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।

সুতরাং, আমরা যেটা চাইব, সরকার যদি ন্যূনতম একটি পরিকল্পনা দেন এবং সেই পরিকল্পনাটি জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করেন। আমার মনে হয়, সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগেই, যেমনঃ সরকার বলতে পারে যে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়—সরকারি হোক বা বেসরকারি—ইনস্যুরেন্স সেক্টরে তোমার সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী নাও। তোমাকে ১০০ জন পড়াতে হবে না। তুমি ছোট বিশ্ববিদ্যালয় বা জেলা পর্যায়ে, বা বিভাগীয় শহরে—for example—৫০টি ছেলেমেয়েকে গ্রাজুয়েশন করাতে পারো।

তাহলে দক্ষ জনশক্তি তৈরি হতে পারে। আবার প্রাথমিক পর্যায়ে, যেমনঃ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার জন্য ডাকতে পারে সরকার। যেমন, আপনার পত্রিকায় যদি এটা বারবার লেখা হয়, টেলিভিশনে বা অন্যান্য মিডিয়াতে প্রচুর কথাবার্তা বলা হয়, তাহলে জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে।
সুতরাং, সরকারি উদ্যোগ এবং বেসরকারি যৌথ উদ্যোগেই আমরা এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবো বলে মনে করি।

বাণিজ্য প্রতিদিনঃ প্রাইভেট সেক্টরের যারা ব্যবসা করছেন তারা ব্যবসাটাকেই মূল মনে করছেন। ফলে দরিদ্রদের কাছে এই বীমা সেবা পৌঁছে না। এটার জন্য আসলে সরকার কি কোন ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা?

শহিদুল ইসলাম জাহিদঃ এখানে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। ব্যাংকিং এর ক্ষেত্রে এই যে ব্যাংকিং নেটওয়ার্কটা এত তুলনামূলকভাবে বিস্তৃত হয়েছে। বিগত সরকারের কিছু সমালোচনা আছে। একটা বিষয় আমি একটু বলতে চাই, ওই সময় যেটা করা হয়েছিল যে, অনেক ব্যাংক আছে, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো, তারা শুধুমাত্র শহর, বন্দর, গঞ্জের বাইরে কোনো শাখা খুলবে না। কিন্তু সরকার বলে দিল, তুমি যদি শহরে একটা ব্রাঞ্চ ওপেন করতে চাও, তাহলে তোমাকে পল্লী অঞ্চলে বা গ্রাম অঞ্চলে দুইটা বা একাধিক ব্রাঞ্চ ওপেন করতে হবে।

এর মাধ্যমে কী হলো? দেখা গেল যে, বেসরকারি ব্যাংকগুলো তাদের সক্ষমতা তুলনায় কম হলেও চাকচিক্যপূর্ণ, তারা একটা সুন্দর অফিস নেয়, বেশ চাকচিক্য। অনেক মানুষ উদ্বুদ্ধ হয়, “আরে এখানে একটা অফিস হয়েছে! দেখতে সুন্দর। অনেক শিক্ষিত লোকজন এখানে চাকরি করছে।” তাদের সাথে ওখানে ডেভেলপমেন্টের একটা প্রক্রিয়া হয়। এটি কিন্তু ইনস্যুরেন্স সেক্টরে করা যেতে পারে।

আমাদের দেশে যে সমস্ত ইনস্যুরেন্স কোম্পানি শুধু শহর কেন্দ্রিক বা লাভজনক কাস্টমারদের সেবা দেয়। আবার বাংলাদেশে সমস্যা আছে—অনেক ইনস্যুরেন্স কোম্পানি মূলত ক্যাপটিভ ইনস্যুরার। ক্যাপটিভ ইনস্যুরার মানে হচ্ছে শুধুমাত্র সুনির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে সেবা দেওয়ার জন্যই ওই ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। অন্য কোন প্রতিষ্ঠানকে তারা সেবা দেয় না। অন্য দেশের মানুষ আপামর জনসাধারণ বিষয়টি চিন্তাই করে না।

আমার মনে হয়, তাদেরকে বিজনেস মডেল দেখাতে হবে। তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তারা করছে না বলে তাদেরকে আমরা দূরে সরিয়ে দেবো তা না। আমরা তাদেরকে বুঝাতে পারি যে, দেখো, তুমি যদি ১০ টাকা করে ১০ টা ইউনিট বিক্রি করো, তাহলে তোমার রেভিনিউ হবে ১০০ টাকা। কিন্তু তুমি যদি এক টাকা করে ১০০ টা ইউনিট বিক্রি করো, তাহলেও তোমার রেভিনিউ ১০০ টাকাই হচ্ছে। ইভেন ১০০ টাকারও বেশি করা সম্ভব। যেহেতু ১০ টাকা করে কিনতে পারে ১০ জন, এক টাকা করে কিনতে পারে ১০০ জন, এমনকি ১০০০ জনও কিনতে পারবে।

তাহলে তুমি যদি পলিসি প্রিমিয়াম রেট, শাখার বিস্তার, শিক্ষিত জনগোষ্ঠী এবং দক্ষ মানব সম্পদকে কাজে লাগাও, তাহলে তুমি তোমার ব্যবসা প্রসারিত করতে পারো। এতে রেভিনিউ বাড়বে। কোম্পানিগুলো তখন আকৃষ্ট হবে, উদ্বুদ্ধ হবে। যেহেতু আমার রেভিনিউ বাড়বে, গ্রাম অঞ্চলে ঠিক আছে, আমি একটা ব্রাঞ্চ ওপেন করি। আমি শস্যবীমার জন্য পলিসি দিচ্ছি।

উদাহরণস্বরূপ—যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়, তারা অনেকেই রিস্ক নিয়ে কাজ করেন। খেয়াল করুন, রাস্তায় যারা ঝাড়ু দেয়, যারা ক্লিনিং-এর কাজ করে, যারা মাঝি বা মল্লার, যারা নির্মাণ শ্রমিক। চিন্তা করুন, উঁচু বিল্ডিংয়ে তারা রং করছে, সিমেন্ট-পাথর নিয়ে উপরে যাচ্ছে। জীবনটা কত ঝুঁকির মুখে। গাড়ি-ঘোড়া চালাচ্ছে, বাস, ট্রাক, রিক্সা, অটোরিক্সা, টেম্পু হেলপার—এদেরকেও আমরা ইনস্যুরেন্সের সেবায় নিয়ে আসতে পারি। আমরা যেন মনে করি, তারাও তো এদেশেরই মানুষ। তার জীবন যদি হানি হয়, পরিবারটা যাতে পথে বসে না।

ইনস্যুরেন্সের আরেকটা পরোক্ষ বেনিফিটও আছে—মানুষের মনোবল চাঙ্গা করে। গবেষণায় দেখা গেছে, দুই দল মানুষ: একদল মানুষের ইনস্যুরেন্স আছে, আরেকদল মানুষের নেই। যাদের আছে, তাদের মনোবল অনেক চাঙ্গা, কনফিডেন্স বেশি। জীবনযাত্রার মান, চিন্তাভাবনা তুলনামূলকভাবে উঁচুমানের। যাদের নেই, তারা মনোবলহীন থাকে, উৎসাহী হয় না, নির্জীব থাকে।
সুতরাং, এদেশের মানুষের মনোবল চাঙ্গা করার জন্যেও আপামর জনসাধারণের কাছে ইনস্যুরেন্সের সেবা পৌঁছে দেওয়া দরকার।

আগামীকাল প্রকাশ হবে দ্বিতীয় পর্ব

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানেও ‘এক্সিট’ সুবিধা

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানেও (ফাইন্যান্স কোম্পানি) খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন আবেদুর রহমান

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান ...

পুরনো মালিকদের হাতে আল-আরাফাহ ব্যাংক ফিরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ...

সন্দেহজনক লেনদেন ৭৪ শতাংশ বেড়েছে, ৯৫ শতাংশ‌ই ব্যাংকের মাধ্যমে

দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনের নজরদারি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ...